এবিসিতে সিয়াম–পূজার ‘কেমিস্ট্রি’
কিছুক্ষণের মধ্যেই এবিসি রেডিও ৮৯.২-তে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’। বর্তমান সময়ের জনপ্রিয় দুই তরুণ তারকার পারস্পরিক রসায়নের গল্প শোনা যাবে তাঁদের মুখেই। রাত ৮টায় এফএম ৮৯.২ ফ্রিকোয়েন্সিতে যাঁরা অনুষ্ঠানটি শুনতে পারবেন না, তাঁরা এবিসি রেডিওর ফেসবুক পেজে দেখতে পারবেন অনুষ্ঠানের ভিডিও। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের অংশ হিসেবে ‘কেমিস্ট্রি’র আয়োজন করেছে এফএম রেডিওটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় একটি কেক কাটা হয় রেডিও স্টেশনে। এর আগে কণ্ঠশিল্পী কোনালের গানের মধ্য দিয়ে শুরু হয় ‘গানে গানে এবিসি রেডিওর বর্ষপূর্তি উদ্যাপন’। এ সময় সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি এবং কণ্ঠশিল্পী রেহান ছিলেন উপস্থাপনায়। কোনাল একে একে গেয়ে শোনান ‘ভুল’, ‘ঘুম জড়ানো’, ‘ভালোবাসার মানুষ’, ‘আগুন লাগাইল’ গানগুলো। সিঁথি গেয়ে শোনান ‘আকাশ কেন ডাকে’, ‘আমি শুনেছি সেদিন নাকি’, ‘কেমন আছ বন্ধু তুমি’, ‘পথে চলতে পথে চলতে’ গানগুলো। একপর্যায়ে রেহান ও সিঁথি দ্বৈত কণ্ঠে গেয়ে শোনান ‘নেটওয়ার্কের বাইরে’ ছবিতে নিজেদের গাওয়া জনপ্রিয় ‘রূপকথার জগতে’ গানটি। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে এবিসি। এফএম রেডিওটির হেড অব অপারেশন কবির বকুল জানান, আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবেন তাঁরা। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে তাঁদের। এফএম ৮৯.২ ফ্রিকোয়েন্সিতে শোনার পাশাপাশি এবিসির ফেসবুক পেজেও দেখা যাবে নির্বাচিত বেশ কিছু অনুষ্ঠান।