দীর্ঘদিন পর শিল্পকলায় 'সার্কাস সার্কাস'

প্রায় এক বছর পর মঞ্চস্থ হলো প্রাচ্যনাটের আলোচিত নাটক ‘সার্কাস সার্কাস’। গতকাল রোববার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় নাটকটি পরিবেশন করে প্রাচ্যনাট। এর আগে ঢাকার মঞ্চে নাটকটি সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল গত বছরের ১৬ নভেম্বর।
‘সার্কাস সার্কাস’ প্রাচ্যনাটের চতুর্থ প্রযোজনা। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
একটি সার্কাস দলকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকটি। ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’ নামে একটি সার্কাস দল তার প্রতিষ্ঠাতার হাত ধরে একসময় প্রচুর খ্যাতি অর্জন করে। দলটি এখন পরিচালনার দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠাতার ভাই। তিনিই সার্কাস দলটিকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কার ধ্বংসাবস্থা থেকে পুনরুজ্জীবিত করে তোলেন।
ঘটনাক্রমে সার্কাস দলটি একটি গ্রামে আসে শো করতে। দলটিতে সমস্যার অন্ত নেই। অদক্ষ খেলোয়াড়, সদস্যদের মধ্যে হিংসা-বিদ্বেষসহ নানা সমস্যায় জর্জরিত দলটি। সমস্যা আরও ঘনীভূত হয় যখন মৌলবাদের কালো থাবা এসে পড়ে। স্থানীয় ধর্মীয় প্রভাবশালী নেতারা সার্কাস শো বন্ধ করার জন্য হুমকি দেয়। শুধু দলের বাইরে থেকে নয়, ভেতরেও কলহের সূত্রপাত হয়। এমনি একসময়ে ধর্মান্ধ মৌলবাদীরা তাদের অন্ধ ঘৃণার ছোবল হানে সার্কাস দলটির ওপর। ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’-এ আগুন দেওয়া হয়। লাশ পড়ে তিন খেলোয়াড়ের, ভস্মীভূত হয় সার্কাসের সব পশু।