ইউক্রেন শরণার্থীদের আড়াই শ কোটি টাকা পাঠাবেন মিলা-কুচার
যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে মানবিক সাহায্য পাঠানোর জন্য আড়াই শ কোটি টাকার তহবিল গড়েছেন অভিনয়শিল্পী দম্পতি মিলা কুনেস ও অ্যাশটন কুচার। গো ফান্ড মি নামের একটি ক্রাউড ফান্ডিং ওয়েব সাইটের মাধ্যমে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা। সংগৃহীত অর্থ পাঠানো হবে রাশিয়ার হামলায় গৃহহারা ইউক্রেনের মানুষের সাহায্যে। গত বৃহস্পতিবার অনলাইনভিত্তিক এ কর্মসূচির শুরুতেই ৩.৬ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছেন তাঁরা।
মিলা কুনেস ও অ্যাশটন কুচার জানিয়েছেন, ৩০ মিলিয়নের লক্ষ্যে পৌঁছাতে ৩ মিলিয়ন দিয়ে তাঁরা শুরু করেছেন। গত বৃহস্পতিবার দুজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় মিলা বলেন, ‘আমি একজন গর্বিত মার্কিন নাগরিক। দেশ আমার ও আমার পরিবারের জন্য যা করেছে, তাতে আমি খুশি। কিন্তু আজ ইউক্রেনিয়ান হিসেবেও আমি কম গর্বিত নই।’ মিলা ১৯৮৩ সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে সপরিবারে তাঁরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
জাতিসংঘের তথ্য অনুসারে রাশিয়ার হামলায় ইউক্রেনে ১০ লক্ষাধিক লোক শরণার্থীতে পরিণত হয়েছে। পালিয়ে গেছে আশপাশের দেশগুলোতে। ইনস্টাগ্রামে এই তারকা দম্পতি লিখেছেন, ‘আমরা একদিকে সাহসী ইউক্রেনিয়ানদের যেমন দেখছি, তেমনি যাঁরা নিরাপত্তার জন্য পালিয়ে গেছেন, তাঁদের প্রতিও আমাদের নজর দিতে হবে। তাঁরা জানিয়েছেন, মানবিক সাহায্যের জন্য সংগৃহীত অর্থে শরণার্থীদের পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মলদোভায় অস্থায়ী আবাসের ব্যবস্থা করা হবে।’ সাহায্যের আবেদন জানিয়ে পোস্ট করা মিলা ও অস্টিনের ভিডিওটি ১৮ ঘণ্টায় ৩০ লাখবার দেখা হয়েছে।
পশ্চিম ইউক্রেনের শহর চর্নভসিতে জন্ম মিলা কুনেসের। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মাত্র সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ওই সময় তাঁর বাবার পকেটে ছিল মাত্র আড়াই শ ডলার। দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসকে ২০০৮ সালে এক সাক্ষাৎকারে কুনেস এসব জানিয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হতেই তিনি ও তাঁর স্বামী কুচার ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।