কী দেখবেন, কোথায় দেখবেন
একজন তেলাপোকা
ধরন: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
রিকশাচালক আসলাম দুর্ঘটনায় পড়ে তাঁর রুটিরুজির একমাত্র সম্বল রিকশাটি হারিয়ে ফেলেন। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি কুড়িয়ে পান আশ্চর্য এক বস্তু, যা তাঁর জীবন পাল্টে দেয়। এমন গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা গোলাম মুনতাকিম। অভিনয়ে মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, নাসির উদ্দিন খান, এস এম তুষার, তাসনুভা তিশা প্রমুখ।
ক্যাম্পাস ডায়েরিজ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এমএক্স প্লেয়ার
দিনক্ষণ: ৭ জানুয়ারি
ক্যাম্পাস জীবনের গল্প। তবে গতানুগতিক ক্যাম্পাসের প্রেম, বন্ধুত্ব আর আড্ডাবাজির গল্প বলা হয়নি এখানে। যেসব বিষয় কম আলোচিত হয় যেমন র্যাগিং, সামাজিক বৈষম্য, একতরফা প্রেম, মাদকের অপব্যবহারের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
কৌন বনেগা শিখরবতি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জি ফাইভ
দিনক্ষণ: ৭ জানুয়ারি
কমেডি সিরিজ। একটি রাজপরিবারের রাজকুমারীদের মধ্যে মুকুট পাওয়ার লড়াই নিয়ে এর গল্প। নামেই বোঝা যায়, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে। সিরিজে অভিনয় করেছেন নাসিরুদ্দীন শাহ, রঘুবীর যাদব, সোহা আলী খান, লারা দত্ত, কৃতি কর্মা প্রমুখ।
অখণ্ড
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১২ জানুয়ারি
নন্দমুরী বালাকৃষ্ণ অভিনীত এই ছবি বক্স অফিসে দারুণ আয় করে। তেলেগু দর্শককে মাতিয়ে এবার ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। গত ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার প্রায় সব সিনেমা হলেই হাউসফুল ছিল ছবিটি। এতে আরও অভিনয় করেছেন প্রজ্ঞা জসওয়াল, জগপতি বাবু, শ্রীকান্ত প্রমুখ।
দ্য টেন্ডারবার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৭ জানুয়ারি
মার্কিন লেখক জে আর মোরিঙ্গারের স্মৃতিকথা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। এতে উচ্চাকাঙ্ক্ষী এক উঠতি লেখকের তাঁর চাচার অধীনে বেড়ে ওঠার গল্প দেখানো হয়েছে। অভিনয় করেছেন বেন অ্যাফ্লেকের মতো তারকারা।