‘মানুষের ঘরের চেহারা এক, বাইরে আরেক—এটা নিয়েই নাটকটা’

সারা বছর শুধু ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে ব্যস্ত থাকেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। বছরের বিশেষ দিবসে নাটকও তৈরি করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও একটি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। তাঁর এবারের ঈদের নাটকের নাম ‘ধন্য জনের অন্য মন’।

‘ধন্য জনের অন্য মন’ নাটকের দৃশ্যে জাকিয়া বারী মম ও চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত

ঢাকার অদূরের সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব স্টুডিওতে ‘ধন্য জনের অন্য মন’ নাটকের শুটিং হয়েছে। এই নাটকের মাধ্যমে আবারও হানিফ সংকেতের পরিচালনায় অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে জাকিয়া বারী মমর। প্রথম আলোকে মম বললেন, ‘সংকেত দার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরের মতো দারুণ। শুটিংয়ে একটা ফেস্টিভ ব্যাপার থাকে। সুন্দর পরিবেশে আমরা শুটিং করি। একসঙ্গে ইফতার করা, গুড টাইম কাটে আমাদের সবার। আর কাজের জায়গায় সব সময় তো তিনি একটা না একটা কিছু বলার চেষ্টা করেন। এবারও তেমন চেষ্টা করেছেন। মানুষের ঘরের চেহারা এক, বাইরে আরেক—নাটকে তিনি এবার এই গল্পটাই বলতে চেয়েছেন।’

‘ধন্য জনের অন্য মন’ নাটকের শুটিংয়ের ফাঁকে মীর সাব্বির, সারিকা সাবরিন, জাকিয়া বারী মম ও চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত

ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গল্প সম্পর্কে ধারণা দিয়ে লেখা হয়েছে, ‘গ্রামের একজন মেম্বার। তার প্রশংসায় পঞ্চমুখ পুরো গ্রাম। ভালো মানুষ এবং গরিবের বন্ধু হিসেবে তার গ্রামে বেশ সুখ্যাতি রয়েছে। চারদিকে তাকে নিয়ে ধন্য ধন্য পড়ে যায়। এই মেম্বারেরই প্রতিবাদী ছোট ভাই, সহজ-সরল স্ত্রী এবং গ্রামের একজন মোবাইলপ্রেমী মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর গড়ে উঠেছে নাটকের গল্প। নাটকের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘সবাই দেখে আদর্শ তার, করেন বড় ন্যায্য বিচার, ঘরের লোকই দেখে শুধু, ধন্য জনের অন্য মন।’ নাটকটি দেখলেই পাওয়া যাবে এই জনদরদি ধন্যজনখ্যাত মেম্বারের অন্যমনের পরিচয়। আর এই চরিত্রগুলোর বিভিন্ন ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ধন্য জনের অন্য মন’।

‘ধন্য জনের অন্য মন’ নাটকের শুটিংয়ে জাকিয়া বারী মম ও সারিকা সাবরিন
ছবি : সংগৃহীত

‘ধন্য জনের অন্য মন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সারিকা সাবরিন, জামিলুর রহমান শাখা, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, তারিক স্বপনসহ অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। হানিফ সংকেতের সুর ও মেহেদী সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ।