কৌতুক অভিনেতা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট, করেছিলেন রুশ ভাষার ছবিও

১৭ বছর বয়সে কমেডি প্রতিযোগিতায় নাম লেখান ভলোদিমির জেলেনস্কি

প্রতিটি ছবিতে অসহায় দেখাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। বিশ্ববাসী হতবাক, নিশ্চুপ। ‘ক্ষমতাধরেরা কেবল দেখছে, একা লড়ছি আমরা’, তাঁর এ কাতর অভিব্যক্তি তাঁকে আরও অসহায় করে তোলে। পেছনের দিকে তাকালে দেখা যাবে, ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনের একজন অভিনেতা ছিলেন জেলেনস্কি। সেখান থেকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি।

‘এইট ফার্স্ট ডেট’ বেশ জনপ্রিয়তা পায়, বের হয় ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তি

১৭ বছর বয়সে কমেডি প্রতিযোগিতায় নাম লেখান জেলেনস্কি। দ্রুত সুযোগ পেয়ে যান দেশটির গুরুত্বপূর্ণ কমেডি প্রতিযোগিতায় এবং বিজয়ী হন। পরে নিজেই একটি কমেডি দল গড়েন। ১৯৯৮-২০০৩ কেভিএন নামের ওই জাতীয় প্রতিযোগিতায় সর্বোচ্চবার বিজয়ী হয়েছে তাঁর দল কোয়ার্তার ৯৫। এই দল নিয়ে বহুবার মস্কো ও সোভিয়েত–উত্তর দেশগুলো ভ্রমণ করেছেন জেলেনস্কি। ২০০৩ সাল থেকে কোয়ার্তার ৯৫ ইউক্রেনের টেলিভিশন চ্যানেল ১‍+১-এর জন্য অনুষ্ঠান বানাতে শুরু করে। রুশ ও ইউক্রেনীয় ভাষার বেশ কিছু টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেলেনস্কি।

২০১৮ সালের ‘আই, ইউ, হি, শি’ ছবিটির পরিচালকও ছিলেন জেলেনস্কি

২০০৮ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাভ ইন দ্য বিগ সিটি’তে অভিনয় করেন ভলোদিমির জেলেনস্কি। পরে ছবিটির সিকুয়েল তৈরি হয়। সেখানেও তিনি ছিলেন। ২০১৪ সালে আসে ছবির তৃতীয় কিস্তি। এরই মধ্যে বিভিন্ন ছবিতে অভিনয় চালিয়ে যান তিনি। সেসবের মধ্যে রয়েছে ‘অফিস রোমাঞ্চ, প্রেজেন্ট ডে’, ‘এইট ফার্স্ট ডেট’, ‘নো লাভ ইন দ্য সিটি’, ‘ইয়া, তাই, ভিন, ভোনা’। ‘এইট ফার্স্ট ডেট’ বেশ জনপ্রিয়তা পায়, বের হয় ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তি।

জেলেনস্কি কাজ করেছেন বেশির ভাগ রুশ ভাষার ছবিতে

মজার ব্যাপার হচ্ছে, জেলেনস্কি কাজ করেছেন বেশির ভাগ রুশ ভাষার ছবিতে। তাঁর প্রথম ইউক্রেনীয় ভাষার ছবি ২০১৮ সালের ‘আই, ইউ, হি, শি’। এটিই তাঁর শেষ ছবি। ছবিটির চিত্রনাট্য লেখা হয় ইউক্রেনীয় ভাষায়। পরে ছবির রুশ অভিনেত্রী এজিয়ান গ্রুজিতের জন্য সেটাকে রুশ ভাষায় অনুবাদ করা হয়। শুটিংয়ের পর ছবিটি ইউক্রেনীয় ভাষায় ডাবিং করা হয়। ছবিতে অভিনয়ের পাশাপাশি ২০১৫ সালে ‘সারভেন্ট অব দ্য পিপল’ এবং ২০১৭ সালে ‘স্ভ্যাতি’ নামের দুটি ধারাবাহিকে কাজ করেন তিনি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।