এ সময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন আশুতোষ নাথ। গত ১৩ জুন ‘অফিস সহকারী থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডির পথে’ শিরোনামে আশুতোষ নাথকে নিয়ে স্বপ্ন নিয়েতেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসীন কলেজ থেকে স্নাতক হয়েছেন আশুতোষ। মেধার জোরে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পিএইচডি করতে যাচ্ছেন। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২০ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আশুতোষ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও তাঁর জীবনের গল্প শোনান।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন শিল্পী ফকির আলমগীর, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং কণ্ঠশিল্পী প্রতিক হাসান। সভাপতি হিসেবে বক্তব্য প্রদান ও অ্যাওয়ার্ড ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।