র‍্যাম্প থেকে রাস্তায় 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরব সাগরতীরে। ছবি: লেখক
আরব সাগরতীরে। ছবি: লেখক

আগস্টের মাঝামাঝি যাই ভারতের মুম্বাইয়ে। উদ্দেশ্য, ল্যাকমে ফ্যাশন উইকের সংবাদ পাঠানো। ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত চলে এই ফ্যাশন আয়োজন। আলোকিত র‍্যাম্পে প্রতিদিনই দেখা হলো খ্যাতনামা মডেল, ডিজাইনার আর বলিউড তারকাদের। পাশাপাশি মুম্বাই শহরটা ঘুরে না দেখলে কি চলে! মুম্বাই ঘুরে দেখার জন্য মূল আয়োজন শুরুর আগে এক দিন আর পরে দুই দিন হাতে ছিল। একা একা পুরো মুম্বাই ঘুরব, কোনো সঙ্গী–সাথি ছাড়া—এই ছিল ইচ্ছা।

প্রথমেই সিনেমা

বলিউডের কারণে মুম্বাই অনেকের কাছে স্বপ্নের শহর। তাই বলিউডে এসে সিনেমা দেখব না, তা কী করে হয়। মুম্বাই পৌঁছে প্রথম দিনই শহরের লোয়ার পারেলের অভিজাত প্রেক্ষাগৃহ (মাল্টিপ্লেক্স) পিভিআরে অক্ষয় কুমারের টয়লেট ছবি দেখা। পিভিআরের পাশেই মুম্বাইয়ের অভিজাত শপিং মল প্যালাডিয়াম আর হাইস্ট্রিট ফিনিক্স মল। শ্যানেল, গুচি, আরমানি, মাইকেল করস ব্র্যান্ডগুলোর শোরুম আছে এই মলে। এর ভেতরে থাকলে বোঝার উপায় নেই যে এই মুম্বাই শহরেই রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বস্তি।

রয়্যাল অপেরা হাউস
রয়্যাল অপেরা হাউস

সিনেমা দেখা শেষে পানিপুরির গাড়িতে হামলে পড়া। স্ট্রিট ফুড হিসেবে এ শহরে পানিপুরি, বড়া পাও, জ্যাম টোস্ট আর কাটিং চায়ের দারুণ খ্যাতি।

লোকাল ট্রেনে এক বেলা

একটি শহর এবং এর মানুষদের চেনা যায় শহরের গণপরিবহনে চড়লে। তাই একলা মুম্বাই ঘোরার দ্বিতীয় দিনের সবচেয়ে মজার অংশ ছিল বাস-ট্রেনে চড়া। বলা হয়ে থাকে মুম্বাইয়ের প্রাণ হলো ট্রেন। পুরো শহর নির্ভর করে রেলব্যবস্থার ওপর। কল্যাণ ওয়েস্ট থেকে দাদার পর্যন্ত ৫৪ কিলোমিটার পথ পাড়ি দিলাম লোকাল ট্রেনে। মোটরগাড়িতে যে পথ ৩ ঘণ্টায় পাড়ি দিতে খরচ হয়েছিল ৯০০ রুপি, ট্রেনে সে পথ পেরোতে লাগল মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট, খরচ মাত্র ১৫ রুপি! আর নিরাপত্তা? রাত ১২টায় ট্রেনের ‘লেডিস ডাব্বা’ (নারীদের জন্য নির্ধারিত বগি)-তে ছিলেন ২ জন নারী ও ২ জন পুরুষ পুলিশ। নারীদের বগিতে ভুলে কোনো পুরুষ উঠে পড়লে পুলিশ তাদের নিয়ে বগির এক কোনায় দাঁড় করিয়ে রাখে। আর একটু পরপর হেঁটে টহল দেয় পুরো বগিতে।

শুধু ঘোরার দিন

একটা দিন শুধু ঘোরাঘুরির জন্য, আরেকটা দিন কেনাকাটার জন্য রাখলে তা হয় বুদ্ধিমানের কাজ। তা না হলে কেনাকাটা আর মুম্বাই দর্শনে গুবলেট বেধে গেলে কোনো কিছুরই স্বাদ পাওয়া যাবে না। ঘোরাঘুরির দিনকে আমি সূর্যের হিসাবে বেঁধেছিলাম। এদিন সূর্যোদয় দেখতে যাই সাগরের মধ্যে ভেসে থাকা হাজি আলীর দরগায়। জোয়ারের কারণে ভোরবেলা ডুবে থাকে দরগা পর্যন্ত যাওয়ার রাস্তা। তবে মূল সড়কের পাশে বসে সূর্যোদয় দেখায় বাধা নেই। দিন বাড়তে থাকলে ভাটার সময় পানি নেমে গেলে দরগার ভেতর পর্যন্ত যাওয়া যায়। একটা সময় সেখানে মেয়েদের ঢোকা বারণ ছিল। কিন্তু এখন সরকারি নির্দেশে হাজি আলীর দ্বার খোলা সবার জন্য।

ভারতের প্রভাবশালী সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই কার্যালয়
ভারতের প্রভাবশালী সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই কার্যালয়

সূর্যোদয়ের পর সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম মেরিন ড্রাইভে বসে। তাই হাজি আলীতে সকালের নাশতা সেরে রওনা হই কোলাবার দিকে। লোয়ার পারেল, দাদার, আন্ধেরীর উঁচু গগনচুম্বী সব দালান দেখে মনে হবে, এ শহরে বুঝি আকাশের কোনো স্বাধীনতা নেই। খোলা আকাশ দেখতে গেলেই উঁচু দালানগুলো দৃষ্টিসীমায় ঢুকে পড়ে। তবে কোলাবার পথে যত এগোনো যায়, ততই বদলাতে থাকে মুম্বাই। যেন সময় উল্টো দিকে যেতে শুরু করেছে।

মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া
মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া

শহর ঘুরে দেখার জন্য ভাড়া করা ট্যুরিস্ট গাড়ি সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ীও। এই গাড়ি করে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া ভিক্টোরিয়া টার্মিনাসের দিকে যাই। আমি যেন প্রবেশ করতে থাকি ভিক্টোরীয় যুগে। পুরোনো আমলের স্থাপত্যশৈলী নজর কাড়ার মতো। পাশেই টাইমস অব ইন্ডিয়ার মুম্বাই অফিস, সেটাও পুরোনো আমলের ভবন। এরপর আসে কালাঘোড়া এলাকা। সেখানেও মোড়ে মোড়ে থাকা শিল্পকর্মে চোখ আটকে যায়। কালা ঘোড়ার জাহাঙ্গীর আর্ট গ্যালারি, বাস্তু সংগ্রহালয় না দেখা পর্যন্ত মন ভরবে না সহজে।

এসব দেখেটেখে বিকেল নাগাদ গেটওয়ে অব ইন্ডিয়া, হোটেল তাজ দেখে ফেলি। ওয়াংখেড় স্টেডিয়াম, ভারতের একমাত্র সচল অপেরা ‘দ্য রয়্যাল অপেরা হাউস’ দেখার পর মেরিন ড্রাইভে স্বস্তির নিশ্বাস ফেলা। সেখানে নিভৃতে বসে ফুটপাতে বেচা মসলা পপকর্ন নিয়ে সূর্যাস্ত দেখা।

কেনাকাটা আর ঘোরাঘুরি

ফুটপাতের দোকানে কেনাকাটার জন্য জনপ্রিয় মুম্বাইয়ের কোলাবা কজওয়ে আর লিংকিং রোড। কোলাবা বিখ্যাত জাংক গয়না, অ্যান্টিক শোপিস, চশমা, রোদচশমা আর ফ্যাশনেবল পোশাকের জন্য। আর লিংকিং পার্কে কম দামে পাওয়া যায় দারুণ সব নকশার ব্যাগ, ব্যাকপ্যাক, জুতা, স্নিকার্স, চপ্পল। তবে এসব কিনে লাভবান হওয়ার জন্য দামাদামি করতে হয় প্রচুর। দর–কষাকষিতে যারা কাঁচা, তাদের ঠকার সমূহ আশঙ্কা রয়েছে। তখন মন খারাপ হলে তার রেশ কাটানো খুব কঠিন। আমাকে যেমন সেই রেশ কাটাতে হয়েছে শাহরুখ খানের বাড়ি গিয়ে।

ভিক্টোরিয়া টার্মিনাস
ভিক্টোরিয়া টার্মিনাস

শাহরুখের বাড়ি মান্নাতের পাশেই বান্দ্রার সৈকত। তবে যে দেশের মানুষ অভ্যস্ত বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত দেখে, তার কাছে এই জুহু–বান্দ্রার সৈকত মনে হবে এক বেডরুমের ফ্ল্যাটের মতো। তবু শাহরুখের বাড়ির পাশের সৈকত বলে কথা। এর থেকে ৫ মিনিট পথ হাঁটলেই আবার সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।

শুধু মান্নাত আর গ্যালাক্সি লেখা নামফলক দেখে আমার মতো যাদের সফরটা পানসে মনে হতে থাকবে, তাদের জন্য মহৌষধ হয়ে কাজে আসবে ওরলির সিলিংক। আরব সাগরের ওপর দিয়ে চলে যাওয়া এই সেতু মুম্বাই শহরের দুই প্রান্তকে জুড়েছে মনোরমভাবে। গাড়ির কাচ নামিয়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ব্যস্ত দিনে ইতি টানার যে স্বর্গীয় প্রশান্তি, তা পাওয়া যাবে না মুম্বাইয়ের আর কোথাও। কুইনস নেকলেস হয়ে বৃষ্টিভেজা মুম্বাইয়ের পথে গরম ভুট্টা ভাজা একা পথচলার আনন্দ বাড়িয়ে দেবে কয়েক গুণ।