ভাস্কর্য নিয়ে প্রশ্নের জবাব দিলেন না মির্জা ফখরুল

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতা–কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: আশরাফুল আলম

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ভাস্কর্য নিয়ে বিএনপির অবস্থানসংক্রান্ত কোনো প্রশ্নের জবাব দিলেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসার আগেই সেখানে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাস্কর্য নিয়ে ঘটনায় বিএনপি মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন। এ নিয়ে প্রশ্ন করা হলে তাও এড়িয়ে যান বিএনপি মহাসচিব।

শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে
মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা পরিকল্পনা করেছিল, যে পরিকল্পনার অংশ হিসেবে ১৪ ডিসেম্বর বিশিষ্ট, বরেণ্য, মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বুদ্ধিজীবীরা গণতান্ত্রিক, মুক্তবুদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বাক্‌স্বাধীনতা ও ভিন্নমত পোষণের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।’

তাদের (বিএনপি) ভূমিকা পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এটা প্রমাণিত
ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, কথা বলার স্বাধীনতা চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই দিনে শপথ নিচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

এ সময় ভাস্কর্য প্রশ্নে বিএনপির অবস্থান জানতে চাইলে বিএনপি মহাসচিব তা এড়িয়ে যান।

ভাস্কর্য নিয়ে বিএনপির ভূমিকা প্রসঙ্গে আজ স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপি) ভূমিকা পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এটা প্রমাণিত।’

এ নিয়ে মন্তব্য জানতে চাইলে কিছু বলেননি মির্জা ফখরুল।