স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূলই বিজয় দিবসের প্রত্যয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই হচ্ছে বিজয় দিবসের প্রত্যয়।

আজ বুধবার বিজয় দিবসের সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাঁকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এখানেই বাংলাদেশের সার্থকতা। তিনি বলেন, ‘আজ অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক—সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি, এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা।’

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা পাকিস্তানের পক্ষাবলম্বন করে লড়াই করেছিল, দলগতভাবে সেই জামায়াতে ইসলামীকে বিএনপি তাদের জোটসঙ্গী করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে আর দিবানিশি স্বপ্ন দেখে, এ দেশকে কীভাবে আবার পাকিস্তান, তালেবানি রাষ্ট্র বানানো যায়। এটি অত্যন্ত দুঃখজনক।

এই ষড়যন্ত্র রুখতে বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই বিজয়ের এই দিনে প্রত্যয় বলে ঘোষণা করেন তথ্যমন্ত্রী।