হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এসেছেন। আজ বুধবার বিকেল সোয়া চারটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হন তিনি।
বিকাল ৫টার দিকে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান। ঘণ্টাখানেক পরে তিনি বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, হাসপাতালে খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে।
টানা ৮১ দিন হাসপাতালে থেকে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১৩ নভেম্বর ঢাকার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে তাঁর দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর গুলশানের ভাড়াবাসায় ওঠেন তিনি।
গত বছর এপ্রিলে করোনায় আক্রান্ত হলে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে দফায় ৫৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছিলেন তিনি।