পেশাদার কাবাডি খেলতে জিয়ার ভারত-যাত্রা
আইপিলের আদলে গড়া পেশাদার কাবাডি লিগে খেলতে আজ ভারত যাচ্ছেন বাংলাদেশের দুই খেলোয়াড় জিয়াউর রহমান ও আরদুজ্জামান।নিজের সংস্থা থেকে ছাড়পত্র না পাওয়ায় যেতে পারছেন না সেনাবাহিনীর খেলোয়াড় আবু সালেহ মুসা। আটটি প্রাদেশিক দল নিয়ে ২৬ জুলাই মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে প্রো-কাবাডি লিগ। জিয়া ও আরদুজ্জামান খেলবেন মুম্বাইয়ের হয়ে। আটটি ভেন্যুতে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ১৪টি ম্যাচ খেলবেন তাঁরা। প্রো-কাবাডি লিগ শেষে দেশে ফিরে দুজনই যোগ দেবেন এশিয়াডের জাতীয় দলের ক্যাম্পে।
প্রতিটি দলে বিদেশি খেলোয়াড়ের কোটা তিনটি। এবারের লিগে বিভিন্ন দলের হয়ে ‘এ’ শ্রেণিতে খেলবেন পাকিস্তানের চারজন, ইরানের তিনজন ও দক্ষিণ কোরিয়ার একজন।‘বি’ শ্রেণিতে খেলবেন দক্ষিণ কোরিয়ার তিনজন, বাংলাদেশ ও জাপানের দুজন করে, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, তাইওয়ান, নেপাল, তুর্কমেনিস্তান, ওমান ও কেনিয়ার একজন করে খেলোয়াড়।
এমন বড় মাপের আসরে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এশিয়ার সেরা রেইডার জিয়া, ‘পেশাদার লিগের প্রথম আসরে খেলতে পেরে খুবই ভালো লাগছে। যদিও জানি না কাদের নিয়ে গড়া হয়েছে আমাদের দল। তবে কোর্টে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। দেশের সম্মান ধরে রাখার আপ্রাণ চেষ্টা থাকবে আমার।’ ২৬ জুলাই প্রথম ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষ বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের দল জয়পুর। কাবাডি লিগের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।