বেচারা লতিতো

ভীষণ ভয়ে আছেন ক্লদিও লতিতো। চলাফেরা করতে হচ্ছে পুলিশ প্রহরায়। কদিন থেকেই একের পর এক উটকো ফোন পাচ্ছেন লাৎসিও প্রেসিডেন্ট। হুমকি দেওয়া হচ্ছে ক্লাব ছেড়ে দেওয়ার জন্য। নইলে বড় ধরনের বিপদ হতে পারে। কিন্তু কী এমন করেছেন, যার জন্য এমন বেনামি হুমকি? কারণটা ফুটবল-সংশ্লিষ্টই। জানুয়ারির দলবদলে নিজেদের অন্যতম সেরা খেলোয়াড় হার্নানেসকে বিক্রি করে দিয়েছে লাৎসিও। তা-ও আবার প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে। সমর্থকেরা খেপেছেন তাতেই। অসহায় লতিতোর স্বগতোক্তি, ‘সে (হার্নানেস) নিজে ক্লাব ছাড়লে আমার কী করার আছে?’ কিন্তু দাঙ্গাবাজ ভক্তদের সেটা বোঝাবে কে? রয়টার্স।