ভারত নয়, নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন হ্যাডলি

সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতকে নাকাল করে ফুরফুরে মেজাজে রয়েছে নিউজিল্যান্ড দল। ব্ল্যাক ক্যাপসদের সাহস আরও বাড়িয়ে দিতেই কিনা নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেকরা মেতেছেন দলের প্রশংসায়। রিচার্ড হ্যাডলিও মনে করেন, আসন্ন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডই এগিয়ে।
যদিও টেস্ট র্যাঙ্কিং দেখে হ্যাডলিকে সমর্থন করা দুরূহ। কারণ টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত দুইয়ে আর নিউজিল্যান্ড আটে। কিন্তু নিজেদের সুসময়ে পরিসংখ্যান গৌণ হয়ে যায় অনেকটাই। কদিন আগে ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের পর নিউজিল্যান্ড উড়ছে আকাশে। ফলে আসন্ন টেস্ট সিরিজেও ব্ল্যাক ক্যাপসরা একই ধার বজায় রাখবে, এমনই মনে করেন নিউজিল্যান্ডের এ ক্রিকেট কিংবদন্তি।
হ্যাডলি বলেন, ‘স্বীকার করা নেওয়া ভালো, ভারত খুবই ভালো দল। কিন্তু এখন ওদের চেয়ে কিছুটা এগিয়ে থেকেই আমরা শুরু করব। কেননা এ মুহূর্তে আমরা দারুণ ফর্মে আছি।’ তবে ক্রিকেটের আসল পরীক্ষা টেস্টেই। সেটিই মনে করিয়ে দিলেন হ্যাডলি, ‘জানি টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচে আমরা খুবই প্রতিদ্বন্দ্বী দল। এই দুই সংস্করণে যেকোনো দলকেই হারাতে পারি। কিন্তু টেস্ট এ দুইয়ের ওপরে। এখানেই তাদের আসল পরীক্ষা।’ দুই দলের প্রথম টেস্ট শুরু হবে অকল্যান্ডে, ৬ ফেব্রুয়ারি। এএফপি ।