দেশের হয়ে প্রতিটি রান নিতে মুশফিকের গর্ব হয়
করোনাভাইরাস এবার পাল্টে দিয়েছে দেশের ক্রিকেটের সংস্কৃতি। বিজয় দিবস ক্রিকেট ম্যাচ এ দেশের ক্রিকেট সংস্কৃতির অংশ। শহীদ মোশতাক ও শহীদ জুয়েল একাদশের মধ্যে ম্যাচ এবার আর দেখা গেল না।
এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বছরের পর বছর বিজয় দিবস উদ্যাপন করেছে দেশের ক্রিকেট। করোনা এবার তাতে বাধা তৈরি করলেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি জানাতে পিছিয়ে নেই ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ দিনে নিজের অনুভূতিটা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম।
আজ বিজয় দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনের অনুভূতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি।
দেশের পতাকার ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না, আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইব, এ পতাকাতলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি। ’৭১–এর সাহসী সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।’
মাশরাফি এ কথার সঙ্গে জুড়ে দেন দেশাত্মবোধক গানের একটি লাইন, ‘যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা।’ এরপর জানিয়েছেন বিজয় দিবসের শুভেচ্ছা, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশ জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না, যদি না এই দিনটা আসত। ১৬ ডিসেম্বর ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেওয়ার সময় গর্ব বোধ করি, কারণ, আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা ওড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশি। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’
জাতীয় দলের পেসার রুবেল হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি, ‘আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির অহংকার। এ দেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা। যাঁদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা, তাঁদের তরে জানাই হাজারো বিনম্র শ্রদ্ধা এবং সালাম!’
জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে নিজের ভেরিফায়েড পেজে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
ওপেনার লিটন দাস নিজের ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা! আমাদের হাতেই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আজকের দিনে চলুন আমরা সবাই মিলে শপথ করি, আমাদের এই দেশটাকে আমরা আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যাঁদের রক্তের বিনিময় এই দেশকে আমরা পেয়েছি, তাঁদের সেই বিজয়কে আমরা বিফলে যেতে দেব না। সেই সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাঁদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি, তাঁদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
পেসার মোস্তাফিজুর রহমান ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’