পঙ্কজ ত্রিপাঠী ভারতের বিশ্বকাপ জয়ের কথা জেনেছেন ৫ বছর পর

পঙ্কজ ত্রিপাঠীছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে ১৯৮৩ সাল। আগের দুই টুর্নামেন্টে মাত্র এক জয় পাওয়া ভারত ’৮৩ বিশ্বকাপও খেলতে গিয়েছিল চাপ ছাড়া। তখনো সমর্থকদের চাপ বোঝা হয়ে ওঠেনি ভারতের জন্য। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে টেস্টে ড্র-ও ভালো ফল বলে মেনে নেওয়া হতো। এমন এক সময়ে বিশ্বকাপ জিতিয়ে এনেছিলেন কপিল দেবরা।

অবিশ্বাস্য সে গল্পই বড় পর্দায় আনা হয়েছে। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে সৃষ্টি হয়েছে ‘৮৩’ চলচ্চিত্র। কবির খানের এই চলচ্চিত্রে কপিল দেবের চরিত্রে দেখা দিয়েছেন রণবীর সিং। আর দলের ম্যানেজারের দায়িত্বে থাকা পিআর মান সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয় করার জন্য বিখ্যাত এই অভিনেতা নাকি ভারতের বিশ্বকাপ জয়ের খবর জেনেছেন ১৯৮৮ সালে!

পিআর মান সিং চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী
ছবি: ইনস্টাগ্রাম

সে সময়ের ক্রিকেটের সঙ্গে বর্তমানের কত পার্থক্য, এ নিয়ে কথা বলছিলেন ত্রিপাঠী। বলিউড হাঙ্গামার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তখন তো মাত্র ১৪ খেলোয়াড় ও মান ভাই-ই ছিল। মান সিং ছিলেন দলের ম্যানেজার, ফিজিও, সবকিছু। তখন আনুষ্ঠানিকভাবে দলের কোনো কোচও ছিল না।’

’৮৩ বিশ্বকাপ মানেই কপিল দেব। এরপর নাম আসে মহিন্দর অমরনাথ, সুনীল গাভাস্কার, রজার বিনি, সৈয়দ কিরমানিদের। শ্রীকান্ত, ভেংসরকার, পাতিল, আজাদ বা শাস্ত্রীদের নামও শোনা যায়। কিন্তু দলের ম্যানেজার হিসেবে মান সিংয়ের নাম এ প্রজন্মের অনেকেরই জানা নেই।

‘৮৩’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি: ইনস্টাগ্রাম

ত্রিপাঠী নিজেও তাঁর চরিত্রের মানুষটির সম্পর্কে খুব বেশি জানতেন না, ‘হায়দরাবাদে তাঁর বাসায় পুরো এক দিন কাটিয়েছি। মেকআপ ঠিক করে সঠিক চেহারা দেওয়া হয়েছে। আমাকে শরীরী ভাষা নিয়ে খুব বেশি কাজ করতে হয়নি। কারণ, সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খুব বেশি তথ্য নেই। যা আছে, সব বর্তমান সময়ের। কিছু ছবি আছে এবং কিছু ভিডিও আছে, যা দেখেছি। শরীরী ভাষার চেয়ে একজনের মাথায় কী চলছে, সেটাই ধরার চেষ্টা করেছি। একজন মানুষের চিন্তা দেখা যায় না, কিন্তু এটাই একটা মানুষের চালিকা শক্তি। মান সিং খুবই সুশৃঙ্খল মানুষ এবং ক্রিকেট ভালোবাসেন। নিজে রঞ্জি খেলেছেন। দেখা হওয়ার পর অনেক গল্প শুনেছি তাঁর কাছ থেকে।’

‘৮৩’ চলচ্চিত্রের মূল অভিনেতারা
ছবি: ইনস্টাগ্রাম

চরিত্র নিয়ে এত কাজ করার পরই ’৮৩ বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনাটা বদলেছেন ত্রিপাঠী, ‘সব পড়াশোনা শেষে আমি বুঝতে পেরেছি, এটা শুধুই বিশ্বকাপ নয়, এর চেয়েও বেশি কিছু।’

যদিও সেই সময়ে এসব বুঝতে পারেননি ত্রিপাঠী। বুঝবেন কীভাবে, সাত বছরের ত্রিপাঠী তো সে খবরই পাননি। বিহার গ্রামে বড় হওয়া এই অভিনেতা জানিয়েছেন, ‘আমি ১৯৮৮ সালে এসে জানলাম, ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জিতেছে। তখন আমার বয়স সাত-আট ছিল এবং গ্রামে “গিলি ডান্ডা” (ডাংগুলি) খেলছিলাম। লন্ডনে যে ভারত ইতিহাসের জন্ম দিচ্ছে, তা আর কে জানত!’