শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রকিবুলের টস
ক্রিকেট মাঠের ম্যাচ রেফারিদের সাধারণত এমন পোশাকে দেখা যায় না। আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এলিমিনেটর ম্যাচে টসের সময় ম্যাচ রেফারি রকিবুল হাসানের পোশাক দেখে চোখ আটকে গেল সবার।
কালো পাঞ্জাবি আর লাল-সবুজের উত্তরণ পরে টস করতে নামেন তিনি। তাঁর সঙ্গে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
সেদিন বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিকদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায়।
বাংলাদেশের ইতিহাসের এই কালো অধ্যায়ের স্মরণেই সাবেক ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুলের আজকের এই বেশভূষা।
প্রথম আলোকে তিনি বলছিলেন, ‘আজ ১৪ ডিসেম্বর। আমাদের জাতির জন্য সর্ববৃহৎ শোকের দিন। রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর এই দিনটা পালন করি। শ্রদ্ধা নিবেদন করি সেই বুদ্ধিজীবীদের, যাদের এই তারিখেই মেরে ফেলেছিল তখনকার পাকিস্তান সরকার ও রাজাকার বাহিনী। ঠিক স্বাধীনতার প্রাক্বালে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। আজ এই দিকপালদের অন্তত এই দিনটাতে শ্রদ্ধা জানানো উচিত।’
রকিবুলের প্রত্যাশা, আজকের ছোট্ট উদ্যোগে ১৪ ডিসেম্বরের ইতিহাস পৌঁছে যাক তরুণ প্রজন্মের কাছে, ‘এই প্রজন্মের কাছে দিনটার মর্ম পৌঁছে দিতে হবে। আমাকে দেখে যদি দুজনও বোঝে যে আজকের দিবসটা কী। তাহলে আমি মনে করব আমার জন্য বড় অর্জন।’