কমলাপুরের টার্ফ ব্রাজিলে ফেরত পাঠাচ্ছে জোনাথনকে

এই ম্যাচেই চোট পেয়েছেন জোনাথন ফার্নানদেজছবি: প্রথম আলো

শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতেই হলো জোনাথন ফার্নান্দেজকে। গত ১৪ ডিসেম্বর স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে টার্ফের মাঠে পা আটকে গিয়ে ডান পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

চোটের অবস্থার উন্নতি না হওয়ায় বাংলাদেশ ছাড়তে হচ্ছে জোনাথনকে। আপাতত এখানেই শেষ হয়ে যাচ্ছে জোনাথনের বসুন্ধরা-অধ্যায়।

শুরুতেই জোনাথনের লিগামেন্টের এমআরআই রিপোর্ট দেখে তাঁকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন ডাক্তার। জোনাথন চেয়েছিলেন অস্ত্রোপচার না করিয়ে ব্যায়ামের মাধ্যমে খেলার মতো উপযুক্ত হয়ে মৌসুমটি শেষ করার।

শেষ পর্যন্ত সফল হতে পারেননি। অগত্যা ব্রাজিলে ফিরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন জোনাথন। আর অস্ত্রোপচার মানেই পুনর্বাসন শেষ করে মাঠে ফিরতে ফিরতে এই মৌসুম শেষ হয়ে যাওয়া।

এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে জোনাথন ফার্নান্দেজের দারুণ গোলে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা
ছবি: এএফসি

ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘তিন দিনের মধ্যে জোনাথন দেশে ফিরে যাচ্ছে। ওর মাঠে ফিরতে ৯ মাসের মতো সময় লাগবে। এই মৌসুমে আর ওকে পাওয়া যাবে না।’ এরই মধ্যে তাঁর বদলি খোঁজা শুরু করেছে বসুন্ধরা।

এই বছর নভেম্বর পর্যন্ত জোনাথনের সঙ্গে চুক্তি ছিল বসুন্ধরার। বিদায়ের আগে সব প্রতিযোগিতা মিলে বসুন্ধরা কিংসের জার্সিতে ৩৪ ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন জোনাথন। জিতেছেন একটি প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে খেলতে আসা অন্যতম সেরা বিদেশি ফুটবলার হিসেবে গণ্য করা হয় জোনাথনকে। বসুন্ধরায় নাম লেখানোর আগে সর্বশেষ ব্রাজিলের বিখ্যাত ক্লাব বোতাফোগোর জার্সিতে খেলেছেন এই মিডফিল্ডার।

এই মৌসুমে তাঁকে মাসিক বেতন প্রায় ১৮ হাজার ডলার দিচ্ছিল বসুন্ধরা। তাঁর অনুপস্থিতিতে সর্বশেষ স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে ৩-০ গোলে হেরেছে বসুন্ধরা। প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচেও জোনাথনের অভাব হারে হারে টের পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।