জোড়া পেনাল্টির কেরামতি চলছেই রোনালদোর

জেনোয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদো
ছবি: টুইটার

গত সপ্তাহেই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসির দল তাতে হেরে বসেছিল ৩-০ গোলে।

এবার রোনালদোকে জোড়া পেনাল্টি থেকে গোল করতে দেখা গেল লিগ ম্যাচেও। প্রতিপক্ষ জেনোয়া। রোনালদোর জোড়া পেনাল্টি গোলে জেনোয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে জুভেন্টাস।

অথচ ম্যাচের শেষ দিকে এসে মনে হচ্ছিল মৌসুমের ষষ্ঠ ড্রটা জেনোয়ার মাঠেই করে ফেলবে জুভেন্টাস। কিন্তু ‘তুরিনের বুড়ি’দের হয়ে নিজের শততম ম্যাচ খেলার উপলক্ষ রোনালদো এমন বিবর্ণ থাকতে দেবেন কেন?

শেষ ১২ মিনিটে দুটি পেনাল্টি পায় জুভেন্টাস। ওই দুই পেনাল্টি থেকেই গোল করেন রোনালদো। ড্রয়ের ভয়ে কাঁপতে থাকা দলটাও তাতে মাঠ ছাড়ে ৩-১ গোলের জয় নিয়ে।

প্রথমার্ধে তেমন কিছুই হয়নি। ৪-৪-২ ছকে সামনে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার সঙ্গে জুটি বাঁধা রোনালদোও তেমন কিছুই করতে পারছিলেন না।

দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির সহায়তায় মৌসুমের প্রথম গোল পেয়ে যান দিবালা। গত মৌসুমে ইতালিয়ান লিগের সেরা এই খেলোয়াড় এবার ঠিক নিজের ফর্মটাই খুঁজে পাচ্ছিলেন না এত দিন।

জেনোয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে সেই আগের দিবালার কথা মনে করিয়ে দিয়েছেন সবাইকে। এমনিতেই লিগে জেনোয়া বরাবরই প্রিয় দিবালার প্রতিপক্ষ, এ ম্যাচে সেটা প্রমাণ হয়েছে আবার।

চ্যাম্পিয়নস লিগে বার্সার বিপক্ষেও পেনাল্ট থেকে গোল করেছিলেন রোনালদো
ছবি: টুইটার

তবে দিবালার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পরে জুভেন্টাসেরই সাবেক ইতালিয়ান মিডফিল্ডার স্টেফানো স্টুরারোর গোলে সমতায় আসে জেনোয়া।

গোলটি বানিয়েছেন আবার আরেক জুভেন্টাস তারকা। এই মৌসুমে জুভেন্টাস থেকে ধারে জেনোয়ায় খেলতে গেছেন লেফটব্যাক লুকা পেলেগ্রিনি। তাঁর মাপা ক্রসে পা ঠেকিয়ে গোল করে বসেন স্টুরারো।

এরপরই শুরু হয় রোনালদো-জাদু। ৭৭ মিনিটে জেনোয়ার মিডফিল্ডার নিকোলো রোভেল্লা বক্সের মধ্যে ফেলে দেন জুভেন্টাসের রাইটব্যাক হুয়ান কুয়াদ্রাদোকে।

পেনাল্টি থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল পেয়ে যান রোনালদো। জেনোয়ার প্রথম গোল যদি দুই সাবেক জুভেন্টাস তারকার বদান্যতায় এসে থাকে, জুভেন্টাসের তৃতীয় গোলও তাঁদের সাবেক আরেক খেলোয়াড়ের বদান্যতায় এসেছে।

বক্সের মধ্যে হুট করে আলভারো মোরাতাকে ফাউল করে বসেন গোলরক্ষক মাত্তিয়া পেরিন, যিনি আগে জুভেন্টাসের হয়ে খেলতেন। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আরেকটি গোল করতেও সমস্যা হয়নি রোনালদোর।

১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ অবস্থানে আছে জুভেন্টাস। চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে গত রাতে পারমার সঙ্গে ২-২ গোলে ড্র করা এসি মিলান।