ভারতের বিপক্ষে জয় চান কাতারপ্রবাসীরা
ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি যতই ঘনিয়ে আসছে, কাতারের প্রবাসী বাংলাদেশিরা যেন ততই অধীর আগ্রহে অপেক্ষা করছেন খেলা দেখার জন্য।
কাতারের স্থানীয় সময় বিকেল পাঁচটায় ও বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলা। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। প্রবাসীদের অনেকেই এই সময় কাজে ব্যস্ত থাকবেন। তবে কাজের মধ্যেও কেউ মুঠোফোনে অনলাইনে সরাসরি খেলা দেখবেন।
পাঁচ বছর ধরে দোহার মুনতাজাহা এলাকায় থাকেন সিলেটের যুবক এমদাদ হোসেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে চাকরি করছেন তিনি। ক্রিকেট, ফুটবল যা–ই হোক না কেন, বাংলাদেশের খেলা থাকলেই তিনি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। কাতার থেকে মুঠোফোনে এমদাদ বলেন, ‘এখানে বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে প্রচুর উন্মাদনা। আমি নিজে একজন খেলাপ্রেমী মানুষ। ক্রিকেট, ফুটবল দুটিই ভালোবাসি। আর ম্যাচটা যদি ভারতের বিপক্ষে হয়, তাহলে উন্মাদনা দ্বিগুণ হয়ে যায়। সেটা ক্রিকেট, ফুটবল যা–ই হোক না কেন।’
জসিম বিন হামাদ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১৩ হাজার জন। ধারণক্ষমতার ৩০ ভাগ দর্শককে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ দিচ্ছে ফিফা। অনলাইনে ২০ রিয়াল দিয়ে অনেকে টিকিট কিনে মাঠে যাবেন।
করোনার কারণে অনেকে অফিসে বা বাসায় বসেই খেলা দেখবেন বলে জানালেন এমদাদ, ‘করোনার কারণে এখানে টিকিট সীমিত রাখা হয়েছে। আর সবাই চাইলেও টিকিট নিতে পারবেন না। আর আজ কাজের দিন থাকায় অনেকে লাইভ দেখবেন মুঠোফোনে। আবার অনেকে কাজ বন্ধ রেখেও খেলা দেখতে যাবেন।’
দোহায় দুই বছর ধরে আছেন জাফর জোয়ার্দার। কাতারের সরকারি পানি ফিলিং স্টেশনের কাস্টমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন জাফর। তিনি জানালেন, ‘প্রবাসী বাংলাদেশিদের এই ম্যাচ নিয়ে দারুণ উন্মাদনা। গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলার পর এই ম্যাচ নিয়ে সবার আগ্রহ আর উৎসাহ বেড়েছে।’ জামাল ভূঁইয়াদের প্রতি সমর্থন জানিয়ে বললেন, ‘করোনা মহামারির কারণে হয়তো সবাই মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। তবে সবাই যাঁর যাঁর অবস্থান থেকে সমর্থন দিয়ে যাচ্ছেন।’
কলকাতায় ২০১৯ সালের ১৫ অক্টোবর যুব ভারতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আজ অবশ্য ভারতের বিপক্ষে জয় চাইছেন জাফরসহ প্রবাসী সবাই। মাঠে যেতে না পারলেও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আসলে আমাদের কাজ শেষ হতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা মাঠে উপস্থিত না হয়ে টেলিভিশন বা মুঠোফোনে খেলা দেখব।’
দোহা থেকে পাঠানো ভিডিও বার্তায় প্রবাসী দর্শকদের উদ্দেশে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ভারতের বিপক্ষে এটা বড় ম্যাচ আমাদের। এশিয়া কাপে খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটি জিততে হবে। এ জন্য কাতারে অবস্থান করা বাংলাদেশিদেরও সমর্থন চাই। মাঠে এসে খেলা দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে।’