মেসিকে নিয়ে ভাবছে না সিটি, পিএসজি আগ্রহী
কোথায় যাবেন লিওনেল মেসি?
কাল থেকেই ঘুরপাক খাচ্ছে এ প্রশ্ন। বার্সেলোনা তাঁকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন চুক্তি আর আলোর মুখ দেখছে না। এতে ইউরোপের বেশ কিছু ক্লাবের নড়েচড়ে বসার কথা। মেসিকে কিনতে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটির নাম উঠে এসেছিল সবার আগে।
গত বছরের আগস্টে আর্জেন্টাইন তারকা ব্যুরোফ্যাক্স করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানালে সিটি সবার আগে আগ্রহ দেখিয়েছিল। মেসির জন্য এখন তাই ইংলিশ ক্লাবটির আরও আগ্রহী হয়ে ওঠার কথা, যেহেতু তিনি এখন ফ্রি এজেন্ট। চাইলে যেকোনো ক্লাবে যোগ দিতে পারেন।
সিটি এদিকে ইংলিশ উইঙ্গার জ্যাক গ্রিলিশকে কিনতে ব্রিটেনে দলবদলের রেকর্ড ভেঙেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এ জন্য সিটি প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। এত টাকা খরচের পর মেসিকে কিনতেও সিটি কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
সিটি কোচ পেপ গার্দিওলার অধীনে বার্সায় সোনায় মোড়ানো চার বছর কাটিয়েছেন মেসি। গার্দিওলা এখন সিটি কোচের পদে থাকায় স্বাভাবিকভাবেই মেসির সেখানে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন হওয়ার কথা। কিন্তু সংবাদমাধ্যম জানিয়েছে, মেসিকে কেনার যুদ্ধে নামার ইচ্ছা নেই সিটির।
মেসির প্রতি সিটির আগ্রহের গুঞ্জনে জল ঢেলে গার্দিওলা বলেন, ‘আমরা জ্যাক গ্রিলিশের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড খরচ করেছি। পরিশোধ করেছি ১০০ মিলিয়ন পাউন্ড এবং (খেলোয়াড় বেচে) এসেছে ৬০ মিলিয়ন পাউন্ড। (গ্রিলিশ) সে ১০ নম্বর জার্সি পরবে এবং এ নিয়ে কথা হয়েছে তার সঙ্গে। কারণ, আমরা ভেবেছিলাম মেসি বার্সাতেই থাকবে। তাই এই মুহূর্তে সে (মেসি) আমাদের ভাবনায় নেই।’
এদিকে সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, মেসির প্রতি আগ্রহ দেখিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটি নাকি সম্ভাব্য এই দলবদল নিয়ে মেসির সঙ্গে যোগাযোগও করেছে।
পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি এবং ক্রীড়া পরিচালক লিওনার্দো নাকি এ বিষয়ে মেসির সঙ্গে যোগাযোগও করেছেন। মেসির বাবা হোর্হের সঙ্গে নাকি এ নিয়ে কথাও বলেছেন দুজন। তবে মেসি ফরাসি ক্লাবে এলে তা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যতের ওপর প্রভাব রাখতে পারে।
আগামী মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে এমবাপ্পের। তখন ফরাসি তারকাকে ফ্রিতে সই করাতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। মেসি পিএসজিতে যোগ দিলে এমবাপ্পেকে ফ্রিতে সই করানোর আশা থেকে সরে আসতে হবে রিয়ালকে।