মেসি কোথায় যাবে, ওকেই জিজ্ঞাসা করুন
গত রাত থেকে ফুটবল বিশ্বকে ওলট-পালট করে দিয়েছে বার্সার একটি ঘোষণা। আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত হয়েছে মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়টি।
মেসিকে কেন ছাড়া হলো, তাঁকে আদৌ ক্লাবে ধরে রাখার কোনো সম্ভাবনা আছে কি না, সেটা নিয়ে আশার একটু আলোকচ্ছটা পাওয়ার জন্য বার্সেলোনার সমর্থকেরা আশায় বুক বেঁধে বসেছিলেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সংবাদ সম্মেলনের জন্য।
যদি কোনো পথ খোলা থাকে, যদি ক্লাবের ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড়টিকে ধরে রাখার কোনো উপায় খুঁজে পাওয়া যায়!
কিন্তু ক্লাবের সমর্থকদের অলীক কোনো আশা দেননি ক্লাব সভাপতি। সাফ জানিয়ে দিয়েছেন, মেসি-বার্সা সম্পর্কের এখানেই পরিসমাপ্তি।
বিখ্যাত ডোরাকাটা ১০ নম্বর জার্সি গায়ে আর দেখা যাবে না মেসিকে। দেখা যাবে না ক্যাম্প ন্যু মাতাতে।মেসির ক্লাব ছাড়ার খবর পাকা হওয়ার সঙ্গে আলোচনা উঠেছে তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে।
স্বাভাবিকভাবেই, লাপোর্তার সংবাদ সম্মেলনেও উঠেছে প্রশ্নটা। কিন্তু যেখানে নিজের ক্লাব থেকেই সেরা খেলোয়াড়টি চলে যাচ্ছেন, সেখানে সেই খেলোয়াড় পরে কোথায় গেলেন না গেলেন, সেটা নিয়ে আগ্রহই–বা কতটুকু থাকে?
লাপোর্তারও ছিল না। ছিল না বলেই আগ্রহী সাংবাদিককে সরাসরি বলেছেন এ নিয়ে মেসির সঙ্গে কথা বলতে, ‘মেসি কোথায় যাবে না যাবে, সে ব্যাপারে ওকেই জিজ্ঞাসা করুন আপনারা। ও বিশ্বের সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই ওর হাতে অনেক ক্লাবের প্রস্তাব থাকবে। পিএসজি ওকে চায় কি না, সে ব্যাপারে আমি ঠিক বলতে পারব না। তবে আমাকে বলা হয়েছে, ওর হাতে অনেক প্রস্তাব আছে।’
মেসি ক্লাব ছাড়লেও তিনি যে আজীবন ক্যাম্প ন্যুরই সন্তান থাকবেন, সেটাও ফুটে উঠেছে লাপোর্তার কথায়, ‘লিও সুখে নেই। ও থাকতে চেয়েছিল, আমরা সবাই চেয়েছিলাম যেন ও থাকে। কিন্তু ওকে ব্যাপারটা মেনে নিতে হবে। আমাদেরও মেনে নিতে হবে। এমন একটা বাস্তবতায় আমরা এসেছি, যেটা বদলানো সম্ভব নয়। মেসি ও তাঁর পরিবারের জন্য আমার শুভকামনা। ও যেখানেই যাক, আজীবন বার্সাই ওর ঘর থাকবে।’