মেসি নেই তো কী হয়েছে!

মেসিকে ছাড়াই এ মুহূর্ত বিশ্বকাপ বাছাই খেলছে আর্জেন্টিনাছবি: রয়টার্স

দলে দুই মহিরুহ নেই। ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। মাঠে ছিলেন না লিওনেল মেসি। স্কালোনি ডাগআউটে দাঁড়াতে পারেননি কোভিড বিধিনিষেধের কারণে। কোভিডমুক্ত হওয়ার পরও মেসি খেলেননি পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায়। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে জিততে কষ্ট করতে হয়নি আর্জেন্টিনার। স্কোরলাইন হয়তো সবটা বলছে না, ১-০ গোলে জিতলেও কলম্বিয়ার ওপর দাপট দেখিয়েই ম্যাচটা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

আরও পড়ুন

মেসির না থাকা কি আর্জেন্টিনার খেলায় প্রভাব রেখেছে? সেটি অবশ্য মানতে চান না আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার বড় এই তারকা মনে করেন, কোন খেলোয়াড় খেলল, কে খেলল না, এটা কখনোই দলের ওপর প্রভাব তৈরি করে না, ‘কে খেলল, কে খেলল না, এটা কোনো সমস্যা নয়। আর্জেন্টিনা দলটা একই থাকে, দলের খেলোয়াড়দের মানসিকতা একই থাকে।’

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন ছিল, সেটি জেনেই মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। পরিকল্পনাটাও সে মাফিকই ছিল, ‘আমরা জানতাম খেলাটা কঠিন হবে। আমরা সে অনুযায়ী পরিকল্পনা করেই নেমেছিলাম। আমরা সেটি মাঠে পুরোপুরি বাস্তবায়ন করেই দেখিয়েছি।’

মেসি না খেললেও প্যারিসে বসে ঠিকই টিভি পর্দায় চোখ রেখেছিলেন। উপভোগ করেছেন জাতীয় দলের সতীর্থদের জয়। সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। মেসির পাশাপাশি কলম্বিয়ার বিপক্ষে না খেলা অন্য দুই তারকা লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পলও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন, মাঠে না থাকলেও তাদের মন পুরোপুরি পরে রয়েছে কর্দোবার মাঠে।

দি মারিয়া নিজেই মাঠে মেসি-দি পল-পারেদেসদের অনুপস্থিতি পুষিয়ে দিতে ছিলেন মরিয়া। সঙ্গে ছিলেন লওতারো মার্তিনেজ। ২৯ মিনিটে মার্কোস আকুনা বাঁ প্রান্ত থেকে দারুণ একটা ক্রস বাড়িয়েছিলেন, সেটি থেকেই গোলটি করেন মার্তিনেজ। বাঁ পায়ে বলটি ধরে একটু সামনে ঠেলে ওই পায়ের শটেই করা গোলটি ছিল দৃষ্টিনন্দন। দি মারিয়া তো প্রায়ই দূরপাল্লার শটে বিপদে ফেলছিলেন কলম্বিয়ান গোলকিপার ক্যামিলো ভার্সাসকে।

মেসি ছাড়াও আর্জেন্টিনার বাকিরাও ভালো খেলতে পারে
ছবি: রয়টার্স

মেসি ছাড়াও আর্জেন্টিনার বাকি ১১ জন যে নিজেদের দায়িত্বটা বোঝেন, ম্যাচ শেষে তা জানিয়েছেন গোলকিপার এমিলিও মার্তিনেজও, ‘যারা খেলছে না, তারা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু ম্যাচের আগে তাদের নিয়েই দেখছি যত কথা। বলা হচ্ছিল, আর্জেন্টিনা নাকি পূর্ণ শক্তির দল নয়। কিন্তু আমরা ম্যাচে প্রমাণ করেছি, বাকিরা কেবল সংখ্যা বাড়াতে আসিনি। আমরা একসঙ্গে দারুণ একটা দলও গড়ে দিতে পারি।’