রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামছেন ইউক্রেনের দুই হেভিওয়েট চ্যাম্পিয়ন
আক্রান্ত ইউক্রেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় এক লাখ মানুষ ঘরছাড়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ সেনারা ইতিমধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তিনি ইউরোপের দেশগুলোর প্রতি ইউক্রেনকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মাতৃভূমির এই কঠিন সময়ে চুপচাপ বসে থাকতে পারছেন না ইউক্রেনের দুই কিংবদন্তি বক্সার ভিতালি ক্লিচকো ও ভ্লাদিমির ক্লিচকো। দুই সহোদর বক্সিং রিংয়ে বছরের পর বছর ধরে কতজনকেই না নাকানিচুবানি খাইয়েছেন।
দুজনই অর্জন করেছেন হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব। বড়জন ভিতালি তো বক্সিং গ্লাভস তুলে রেখে পাকাপাকিভাবে নেমেছেন রাজনীতিতে। ২০১৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বিপ্লবের সময় সরকারবিরোধীদের সরাসরি সমর্থন জানিয়ে রাজনীতিতে ঝড় তোলেন ভিতালি। বর্তমানে রাজধানী কিয়েভের মেয়র তিনি।
দুই ভাই-ই বক্সিং হল অব ফেমে নিজেদের জায়গা করে নিয়েছেন। হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে বেশি জয় পাওয়ার রেকর্ডে গিনেস বুকে নাম তুলেছেন দুজনই।
দুই ভাই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধে নামবেন তাঁরা। বড় ভাই ভিতালি আবার আইটিভির বিখ্যাত ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানেও নিজের এ ইচ্ছার কথা ব্যক্ত করেছেন, ‘আমি ইউক্রেনের ওপর বিশ্বাস করি। আমার দেশের ওপর বিশ্বাস করি, বিশ্বাস করি দেশের মানুষের ওপর। এর মধ্যেই রক্তাক্ত যুদ্ধ শুরু হয়েছে। আমি যুদ্ধে যাচ্ছি। আমার আর অন্য কোনো পথ খোলা নেই। আমাকে এটা করতেই হবে।’
ভিডিও বার্তায় ছোট ভাই ভ্লাদিমির জানিয়েছেন, ‘আন্তর্জাতিক বন্ধুদের অনুরোধ করছি, ইউক্রেনে কী হচ্ছে, একটু দেখুন। এই অর্থহীন যুদ্ধে কেউ বিজয়ী হবে না। বরং সবারই ক্ষতি হবে। ইউক্রেনে যা হচ্ছে, সেটা আপনারা ঘটতে দিয়েন না দয়া করে। একতাবদ্ধ থাকলেই আমরা শক্তিশালী থাকব। আমরা ইউক্রেনকে সমর্থন করছি। এখন রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধের নাম করে ইউক্রেনকে ধ্বংস করতে চাইছেন, ধ্বংস করতে চাইছেন এই দেশের সার্বভৌমত্বকে। কথার পাশাপাশি মিসাইল ও ট্যাংক দিয়েও আক্রমণ করা হচ্ছে আমাদের। তা–ও আমরা হার মানব না। আমাদের শক্তির সবটুকু দিয়ে লড়ে যাব।’