পছন্দের দল নিয়ে ভয়ংকর শত্রুর বিরুদ্ধে লড়াই

দ্য কিং অব ফাইটারস ১৫ছবি : সংগৃহীত

অ্যাকশন গেম যাদের পছন্দ, তাদের কাছে ‘দ্য কিং অব ফাইটারস’ গেমটি বেশ পরিচিত। জাপানের এসএনকে প্রতিষ্ঠানের তৈরি গেমটি প্রথম বাজারে আসে ১৯৯৪ সালে। গেমারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ১৭ ফেব্রুয়ারি গেমটির ১৫তম সংস্করণ ‘দ্য কিং অব ফাইটারস ১৫’ উন্মুক্ত করা হয়েছে। গেমটি একই সঙ্গে কম্পিউটার, প্লেস্টেশন এবং এক্সবক্সে খেলার সুযোগ মিলবে।

নতুন এ সংস্করণের শুরুতে সামনে-পেছনে ভয়ংকর শত্রুর আনাগোনা দেখা যাবে। শত্রুরা হঠাৎ করেই হামলা করছে আপনার ওপর। বাঁচতে হলে নিজেকে রক্ষার পাশাপাশি শত্রুদের ওপর হামলাও চালাতে হবে আপনাকে। তবে চিন্তার কিছু নেই, শত্রুর আক্রমণ ঠেকিয়ে হামলা চালানোর জন্য আপনার পছন্দের দুজন সঙ্গীও মিলবে। তিনজনের সমন্বয়ে গড়া দল নিয়েই শক্রর দুর্বল জায়গায় হামলা চালাতে হবে। গেমের বিভিন্ন পর্বে আপনি যত বেশি হামলা চালাতে পারবেন, তত শত্রুর লাইফ শেষ হবে। আবার শত্রু হামলা চালালে আপনার লাইফ শেষ হবে। এভাবে গেম শেষে যার লাইফ বেশি থাকবে, সেই জয়ী হবে।

গেমটিতে নিজের পছন্দমতো চরিত্র বাছাই করা যাবে। নতুন সংস্করণের গ্রাফিকস আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি উন্নত করা হয়েছে। শুধু তা–ই নয়, শত্রুর অবস্থান জানার জন্য আগের তুলনায় ভালো ভিউ অ্যাঙ্গেল পাওয়া যাবে। ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগিয়ে শত্রুদের পরাস্ত করা যাবে।
অনলাইনেও খেলা যাবে গেমটি। দেখা যাবে র‍্যাঙ্কিংও। শত্রুর ওপর হামলা চালানোর জন্য তিনজনের দল গড়তে হবে। এ জন্য ইচ্ছেমতো চরিত্র নিয়ে আপনি দল গড়তে পারবেন। তবে মনে রাখতে হবে, গেমটিতে দুটি বস চরিত্র রয়েছে। এ চরিত্র দুটি নিয়ে দল গঠন করা যাবে না।

গেমটি খেলার জন্য ইন্টেল কোর আই ৫ প্রসেসরে চলা কম্পিউটার ব্যবহার করতে হবে। ৮ গিগাবাইট র‍্যামসহ এনভিডিয়া জিফোরস জিটিএক্স ৭৭০ ২ গিগাবাইট গ্রাফিকস ব্যবহার করতে হবে। এ ঠিকানা থেকে (https://store.steampowered.com/app/1498570/THE_KING_OF_FIGHTERS_XV/) গেমটি সংগ্রহ করা যাবে।