এক চলচ্চিত্র ২৯২ বার দেখে বিশ্ব রেকর্ড
পছন্দের কোনো চলচ্চিত্র আপনি একাধিকবার দেখে থাকতে পারেন। তবে সেটি সর্বোচ্চ কতবার? দুবার, পাঁচবার কিংবা দশবার। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি তাঁর পছন্দের একটি চলচ্চিত্র একবার, দুবার নয়, ২৯২ বার দেখেছেন। তা–ও মাত্র তিন মাসের মধ্যে সিনেমা হলে গিয়ে। এ জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তির নাম রামিরো আলানিস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাস তাঁর। স্পাইডারম্যান: নো ওয়ে হোম চলচ্চিত্রটি তাঁর ভীষণ পছন্দের। ২০২১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি একে একে ২৯২ বার দেখেছেন রামিরো।
গত বছরের ১৬ ডিসেম্বর প্রথম স্পাইডারম্যান সিরিজের এই চলচ্চিত্র দেখেন রামিরো।
এর পর আর থামাথামি নেই। চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত পরপর এতবার চলচ্চিত্রটি দেখতে বসেছেন তিনি। উঠেছেন পুরোটা দেখে তবেই।
গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, চলচ্চিত্রটি দেখার জন্য সব মিলিয়ে ৭২০ ঘণ্টা বা পাক্কা ৩০ দিন সময় ব্যয় করেছেন রামিরো। শুরুর দিকে দিনে ১২ ঘণ্টার বেশি সিনেমা হলে বসে থাকতেন তিনি, পুরোটা সময় কাটিয়ে দিতেন চলচ্চিত্রটি দেখে। টিকিট কাটতে ব্যয়ও করেছেন ৩ হাজার ৪০০ ডলার। এ জন্য তাঁকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি চলচ্চিত্র হলে গিয়ে এত বেশিবার দেখার জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
তবে এবারই প্রথম নয়, রামিরো একই বিষয়ে আগেও রেকর্ড গড়েছেন। ২০১৯ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে ১৯১ বার দেখেছিলেন। সেটাও ছিল বিশ্ব রেকর্ড। তবে গত বছর তাঁর সেই রেকর্ড ভেঙে দেন আর্নড ক্লেইন। তিনি হলে গিয়ে ক্যামেলট: ফার্স্ট ইনস্টলমেন্ট চলচ্চিত্রটি ২০৪ বার দেখেন। এক বছর না যেতেই নিজের হারানো রেকর্ড পুনরুদ্ধার করেছেন রামিরো।