মার্চের মধ্যে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করতে সিরিয়াকে রাশিয়ার তাগিদ

রাশিয়ার সরকার বলেছে, সিরীয় সরকারের উচিত ১ মার্চের মধ্যে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করা। আজ মঙ্গলবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ স্থানীয় রিয়া নভোস্তি সংবাদ সংস্থাকে বলেন, রাসায়নিক অস্ত্রের বড় ধরনের একটি চালান এ মাসেই হস্তান্তরের পরিকল্পনা করছে দামেস্কের কর্তৃপক্ষ।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বলেছিল, সিরিয়া দেশটির মজুদ থাকা অস্ত্রের সামান্য অংশ হস্তান্তর করেছে।
এদিকে জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী শান্তি আলোচনায় সিরীয় সরকার অংশ নেবে বলে আজ জানায় মস্কো। এ প্রসঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিনিধিরা সমঝোতায় অংশ নেবেন, এ বিষয়ে সংশয় নেই।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও সিরিয়ার প্রধান বিরোধী দল ন্যাশনাল কোয়ালিশনের প্রধান আহমেদ জারবার বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা বলেন বোগদানভ।
জেনেভায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফা সংলাপ সিদ্ধান্তহীন ১০ দিন কাটানোর পর গত শুক্রবার শেষ হয়।
দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে বিদ্রোহীদের প্রধান জারবা বলেন, ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংলাপে বিদ্রোহীরা অংশ নেবে। তিনি সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেশটির সরকারকে চাপ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।