নাইজেরিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে দুর্বৃত্তদের হামলার পর অপহরণের শিকার ৩৩৩ শিক্ষার্থীকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। যদিও তাদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।
গত শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধকালে বিদ্যালয়টির আট শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ তারা। বিদ্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
দুর্বৃত্তদের হেফাজতে ঠিক কত শিক্ষার্থী আছে ও কতজন তাদের কাছ থেকে পালিয়ে এসেছে, তা এখনো স্পষ্ট নয়। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮৩৯। এর মধ্যে ৩৩৩ জন নিশ্চিতভাবে নিখোঁজ।
ক্যাটসিনা রাজ্যের গভর্নর আমিনু বেল্লো মাসারি বিদ্যালয়টি পরিদর্শন করে গত শনিবার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরা অপহৃত শিক্ষার্থীদের অবস্থান চিহ্নিত করে তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘সেনারা বর্তমানে বিদ্যালয়টির পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালাচ্ছে। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে আমরা সম্ভব সবকিছু করব।’
জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র ফ্রাঙ্ক এমব্যাস বলেন, শিক্ষার্থীদের উদ্ধারে চলমান অভিযান জোরদার করতে অতিরিক্ত অপারেশনাল ও ইনভেস্টিগেটিভ টিম কাজে লাগানো হচ্ছে।
গভর্নর আমিনু বেল্লো মাসারি গতকাল রোববার বলেন, দুর্বৃত্তদের হেফাজতে ঠিক কত শিক্ষার্থী আছে ও কতজন তাদের কাছ থেকে পালিয়ে এসেছে, তা এখনো স্পষ্ট নয়। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮৩৯। এর মধ্যে ৩৩৩ জন নিশ্চিতভাবে নিখোঁজ। পালিয়ে আসা শিক্ষার্থীদের কয়েকজন তাদের বন্ধু ও সহপাঠীদের জিম্মি করে রাখার কথা নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
গতকাল ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, তারা স্কুলশিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং শিক্ষার্থীদের দ্রুত ও শর্তহীনভাবে মুক্তি দিয়ে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে। সংস্থাটি বলেছে, এ ধরনের সহিংসতা খুবই উদ্বেগজনক। বিদ্যালয়ে হামলা শিশুদের অধিকারের লঙ্ঘন। এটা এ হতাশাজনক চিত্র তুলে ধরেছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে শিশুদের অপহরণ ও শিশু অধিকারের ব্যাপক লঙ্ঘন ঘটেই চলেছে।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। গতকাল এক বিবৃতিতে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে প্রেসিডেন্ট বুহারি অপহরণকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ক্যাটসিনা নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির নিজ এলাকা। সেখানে প্রায়ই দুর্বৃত্তদের হামলা ও মুক্তিপণ আদায়ে স্থানীয় লোকজনকে জিম্মি বা অপহরণের ঘটনা ঘটে। গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বোর্নিও রাজ্যে দুর্বৃত্তদের হামলায় বেশ কয়েকজন কৃষক নিহত হন। তাঁদের কাউকে কাউকে শিরশ্ছেদ করা হয়।
সর্বশেষ হামলার ঘটনার দিনই প্রেসিডেন্ট বুহারি ওই এলাকায় যান। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে জাতীয় পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। তবে সরকারি কোনো ব্যাখ্যা ছাড়াই তা বাতিল করা হয়।