আবার করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট
দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। শুক্রবার টুইটারে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। খবর এএনআইয়ের।
টুইটারে প্রেসিডেন্ট আরিফ আলভি লেখেন, ‘আমি আবার করোনায় আক্রান্ত হয়েছি।
গত চার-পাঁচ দিন গলায় ব্যথা ছিল। ধীরে ধীরে সুস্থ হচ্ছিলাম। দুই রাত আগে কয়েক ঘণ্টার জন্য হালকা জ্বর আসে। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না।’
টুইটে করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে বলেন আরিফ আলভি। পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলতে বলেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, গত বছরের ২৯ মার্চ প্রথম করোনায় আক্রান্ত হন পাকিস্তানের প্রেসিডেন্ট। সে সময় টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন।
এদিকে গত তিন মাসের মধ্যে শুক্রবার প্রথম পাকিস্তানে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল। এক টুইটে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের। একই সময়ে পাকিস্তানে ৪৬ হাজার ৫৮৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সে হিসেবে শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩২ শতাংশ।