পুতিনের বোঝা উচিৎ, ন্যাটোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে: ফ্রান্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন। তাঁর বোঝা উচিত ন্যাটোও একটি পারমাণবিক জোট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি বলেন, পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন এটা বুঝতে হবে যে, ন্যাটোও একটি পারমাণবিক জোট।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে কেউ নাক গলালে ‘এমন পরিণতি হবে যা ইতিহাসে কেউ কখনো সম্মুখীন হননি’। পুতিনের এই বক্তব্য ইউক্রেন সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কি না এমন প্রশ্নের জবাবে লে ড্রিয়ান বলেন, তাঁর এমনটিই মনে হয়েছে। পুতিনের কথার অর্থ এমনটিই বোঝা গেছে।
ফরাসি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে লে ড্রিয়ান বলেন, ‘আমি মনে করি পুতিনকে অবশ্যই বুঝতে হবে যে আটলান্টিক জোট একটি পারমাণবিক জোট। এ বিষয়ে শুধু এটাই বলব।’
স্থানীয় সময় বুধবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। এ সময় নিজ দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়েও কথা বলেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘কোনো সম্ভাব্য আগ্রাসনকারী যদি আমাদের দেশকে সরাসরি আক্রমণ করে তাহলে তারা পরাজিত হবে এবং ভয়ংকর পরিণতি ভোগ করবে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।’