বেড়া ডিঙিয়ে পালাল নেকড়ের দল, বন্ধ চিড়িয়াখানা

প্রতীকী ছবি: এএফপি

চিড়িয়াখানায় নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ছিল নেকড়ের দল। বাইরে ছিলেন দর্শনার্থীরা। এভাবেই দিনের পর দিন নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে আসছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে হঠাৎ একদিন পরিস্থিতি বদলে যায়। নিরাপত্তাবেষ্টনী ডিঙিয়ে পালিয়ে যায় নেকড়ের দল। নিরাপত্তার কথা ভেবে খালি করে ফেলা হয় পুরো চিড়িয়াখানা। সাময়িক বন্ধ করে দিতে হয় চিড়িয়াখানাটি।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মন্ত্রেদোন–লাবেসোনিতে। সেখানকার ত্রিয়োস দ্য ভ্যালেস চিড়িয়াখানায় ছিল নেকড়ের দলটি। গত সপ্তাহে প্রথমে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলে নেকড়েগুলো। এরপর বেড়া ডিঙিয়ে পালিয়ে যায় দলটি। এই দলে নয়টি নেকড়ে ছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে গেলেও চিড়িয়াখানার সীমানা পেরোতে পারেনি নেকড়েগুলো। ভেতরেই মুক্তভাবে ঘুরে বেড়িয়েছে। সেখানকার কর্মকর্তা ফ্যাবিয়েন চোলেট বলেন, ঘটনার সময় চিড়িয়াখানায় অল্পসংখ্যক দর্শনার্থী ছিলেন। তাঁদের কোনো বিপদ হয়নি। নেকড়েগুলো কাউকে আক্রমণ করেনি।

এ ঘটনার পর দ্রুত চিড়িয়াখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আর পালিয়ে গেলেও নেকড়েগুলোর শেষ রক্ষা হয়নি। নয়টির মধ্যে চারটি নেকড়ে গুলিতে মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওগুলো ‘বিপজ্জনক আচরণ’ করছিল। বাকি পাঁচটি নেকড়েকে অজ্ঞান করে নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ফিরিয়ে আনা হয়েছে। পালিয়ে যাওয়া নেকড়েগুলোকে ফেরানো হলেও চিড়িয়াখানাটি আপাতত খুলছে না। ফ্যাবিয়েন চোলেট জানান, নিরাপত্তা ত্রুটি পুরোপুরি দূর করার আগপর্যন্ত বন্ধ রাখা হবে চিড়িয়াখানা। আগামী জানুয়ারির মাঝামাঝিতে তা খুলে দেওয়া হতে পারে।

চিড়িয়াখানাটির মালিক সুভ্যের ফেরেরা বলেন, ‘নেকড়েগুলোকে সম্প্রতি চিড়িয়াখানায় আনা হয়েছিল। প্রাণীগুলো হয়তো এখনো নতুন পরিবেশে অভ্যস্ত হতে পারেনি। তাই বেড়া ডিঙিয়ে পালিয়েছিল।’ সব মিলিয়ে ৬০ হেক্টরের বেশি জায়গাজুড়ে চিড়িয়াখানাটির অবস্থান। এখানে বানর, সিংহসহ ছয় শতাধিক প্রাণী রয়েছে।

আগেও এই চিড়িয়াখানা সাময়িক বন্ধ করে দিয়েছিল ফ্রান্স সরকার। চলতি বছরের অক্টোবরে দেশটির ইকোলজিক্যাল ট্রানজিশনবিষয়ক মন্ত্রী বারবারা পম্পিলি কর্মীদের নিরাপত্তা ও প্রাণীদের কল্যাণমূলক কার্যক্রমে ঘাটতি থাকার অভিযোগে এটি বন্ধের নির্দেশ দেন। কয়েক দিন পর দেশটির একটি আদালত মন্ত্রীর সেই নির্দেশ বাতিল করে দেন।