দুর্গাপূজা শেষে পশ্চিমবঙ্গজুড়ে স্বস্তির হাওয়া

আলীপুর সর্বজনীন পূজামণ্ডপ
ছবি: ভাস্কর মুখার্জি

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। কলকাতার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, এবার পূজায়, বিশেষত অষ্টমী, নবমী ও দশমীর দিন ঝড়বৃষ্টি হতে পারে। কিন্তু তেমন ঝড়বৃষ্টি ছাড়া শান্তিপূর্ণভাবে পূজা শেষ হয়েছে। এ ছাড়া উৎসবের আবহে করোনার তৃতীয় ঢেউ দেখা দেওয়ার শঙ্কা করা হলেও, পূজার কয়েক দিনে রাজ্যটিতে বরং করোনার সংক্রমণ পরিস্থিতির আরও উন্নতি ঘটেছে।  

রাজ্যের দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা দুর্গাভক্তদের পূজামণ্ডপ দর্শন থেকে বিরত করতে পারেনি। বরং আবহাওয়া দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পূজা। তবে কলকাতার আবহাওয়া দপ্তর আবার জানিয়েছে, আজ রবি থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূজার উৎসবে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে আগাম সতর্কতা ছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের। তবে পূজার পাঁচ দিনে করোনা জাঁকিয়ে বসেনি। বরং এই সময়ে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন জেলায় কমে এসেছে করোনার সংক্রমণ। ফলে পূজা শেষে রাজ্যের মানুষের মনে এক স্বস্তির হাওয়া দেখা গেছে।

সবার আশা, এবার আর তৃতীয় ঢেউ যেন আছড়ে না পড়ে। বরং করোনা ধীরে ধীরে বিদায় নেবে এই রাজ্য থেকে। যদিও এবারের পূজায় দুর্গার কাছে করোনার বিদায়ের আবেদন ছিল রাজ্যবাসীর।

গতকাল শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪৩ জন। নতুন করে ১০ জন মারা গেছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৪৫১ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া ৮ জনের মৃত্যু হয়েছিল।

তবে এখনো কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ৭ হাজার ৪৪৫ জন। স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৩। মৃত্যুর হার ১ দশমিক ২০।

দক্ষিণ কলকাতার ৬৪ পল্লি সর্বজনীন পূজামণ্ডপ
ছবি: ভাস্কর মুখার্জি

গতকাল কলকাতায় ১০৮ জন এবং উত্তর চব্বিশ পরগনায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও দেখা গেছে, এবার পূজার মৌসুমে রাজ্যে ১১ দিন ধরে সংক্রমণের হার ২ থেকে ৩-এর ঘরেই ছিল। তাই করোনার তৃতীয় ঢেউ দেখা না দেওয়ায় রাজ্যবাসীর মনে পূজা শেষে এখন বইছে স্বস্তির হাওয়া।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত রাজ্যে ১৫ লাখ ৭৯ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৯৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ১৮ জনের। টিকা দেওয়া হয়েছে ৪০ হাজার ৪৯১ জনকে।

পূজার কারণে বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্যকর্মীর সংকটে নমুনা পরীক্ষা ও টিকা প্রদান কম হয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত এই রাজ্যের ৬ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৯৬৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।