বিজেপির সভাপতি নাড্ডা করোনায় আক্রান্ত
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল রোববার নাড্ডা নিজেই টুইটারে ঘোষণা দেন যে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি বাসায় আছেন। নিজেকে আলাদা রেখেছেন।
৬০ বছর বয়সী নাড্ডা জানান, করোনার প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেওয়ায় পর তিনি পরীক্ষা করান। পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
নাড্ডা বলেন, তাঁর শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে আছেন। সব ধরনের নির্দেশনা অনুসরণ করছেন।
হিন্দিতে টুইট করেন নাড্ডা। গত কয়েক দিনে যাঁরা যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন, তাঁদের সবাইকে আইসোলেশনে যাওয়ার পাশাপাশি করোনা পরীক্ষা করাতে বলেন তিনি।
করোনায় সংক্রমিত হওয়ার আগে বিজেপিপ্রধান রাজনৈতিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। সম্প্রতি তিনি উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গ সফর করেন।
নাড্ডার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ভারতের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতা ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯৯ লাখ। দেশটিতে করোনায় মারা গেছেন প্রায় ১ লাখ ৪৩ হাজার মানুষ।