ভারতে কোয়ারেন্টিন ফাঁকি দিয়ে পালালেন বিদেশফেরত ১৩ করোনা রোগী
ইতালির মিলান শহর থেকে শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ভারতে ফিরেছিলেন ১২৫ জন। তাঁদের মধ্যে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত বুধবার বিকেলে একটি উড়োজাহাজে করে মিলান থেকে আসেন ১৬০ জন যাত্রী। বিমানবন্দরে তাঁদের প্রায় সবার করোনা পরীক্ষা করা হয়। দেখা যায় ১২৫ জন ভাইরাসটিতে সংক্রমিত। এরপরই শহরের গুরু নানক দেব হাসপাতালে তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়।
অমৃতসর শহরের নগর কর্মকর্তা শেরজং সিং বিবিসিকে বলেন, বিমানবন্দর থেকে নয়জন ও চারজন পালিয়েছেন হাসপাতাল থেকে। তাঁদের সবার বিরুদ্ধে অভিযোগ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
টিভি ফুটেজে দেখা গেছে, সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে বিমানবন্দরের বাইরে অ্যাম্বুলেন্সের সারি। গেটের বাইরে প্রচন্ড ভিড়। সংক্রামিত বাকিদের শহরের গুরু নানক দেব হাসপাতালে থাকার ব্যবস্থা করা হয়েছে।
বিমানবন্দর থেকে ওই নয়জন কীভাবে পালালেন তা জানা যায়নি। তবে বাকি চারজনের বিষয়ে ইঙ্গিত দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ভারতীয় গণমাধ্যমে এনডিটিভিকে জানিয়েছে, এই চারজন পালাতে হাসপাতালে কর্মীদের সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছিলেন। পলাতকদের নিয়ে শক্ত অবস্থানে রয়েছে পুলিশও। তাদের ভাষ্য, এর মধ্যেই ১৩ জনের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
অমৃতসরে উপপুলিশ কমিশনার গুরপ্রিত সিং খেহরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাঁরা যদি আগামীকাল সকালের মধ্যে না ফেরেন, তাহলে তাঁদের ছবি খবরের কাগজে ছাপানো হবে এবং মামলা করা হবে।’
ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে সাত মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণের সংখ্যা লাখ ছাড়াল। এর আগে ২০২১ সালের ৬ জুন ভারতে এক দিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছিল।