ইসরায়েলে এক এমপি জোট ছাড়ায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বেনেট সরকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
ছবি: রয়টার্স

ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে ইয়ামিনা পার্টির একজন আইনপ্রণেতা পদত্যাগ করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার। আজ বুধবার জোট ছাড়ার ঘোষণা দেন দলটির আইনপ্রণেতা ইদিত সিলমান।

ইয়ামিনা পার্টি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল। জোটটিতে কট্টর ইহুদিবাদী দল থেকে শুরু করে একটি আরব মুসলিম পার্টিও রয়েছে। বর্তমান জোটটির ৬০টি আসন রয়েছে, যা বিরোধীদেরও প্রায় সমান।

এক বিবৃতিতে সিলমান বলেছেন, ‘আমি ঐক্য ধরে রাখতে অনেক কিছু করেছি। জোটের জন্য অনেক কাজ করেছি। কিন্তু দুঃখজনক যে, আমি ইসরায়েলের ইহুদি সত্তার ক্ষতির অংশ হতে পারি না।’

ইসরায়েলে পাসওভার উৎসব উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী নিতজান হরোভিতজ হাসপাতালগুলোতে খামিযুক্ত রুটি সরবরাহের নির্দেশ দেন। সরকারি প্রতিষ্ঠানে এ রুটি সরবরাহে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ওই নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। ইহুদি রীতিতে এ রুটি সরকারি প্রতিষ্ঠানে সরবরাহের অনুমতি ছিল না। গত সোমবার মন্ত্রীর ওই নির্দেশের তীব্র সমালোচনা করেন সিলমান।

এরপরই জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সিলমান বলেন, ‘জোট সরকারের সদস্যপদ থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। তবে আমি আমার ঘরে ফিরতে আমার বন্ধুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’