গাড়ি থেকে একে একে ১০ জনের লাশ উদ্ধার

জাকাতেকাস রাজ্যের গভর্নর ডেভিড মনরিল বলেন, মৃতদের শরীরে পিটুনির চিহ্ন রয়েছেছবি: রয়টার্স

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে লাশগুলো উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাকাতেকাস রাজ্যের গভর্নর ডেভিড মনরিল এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

জাকাতেকাস রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস ঘটনা বাড়তে দেখা গেছে। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের পথগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকায় বিভিন্ন মাদক পাচার দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জাকাতেকাস রাজ্যের গভর্নর ডেভিড মনরিল বলেন, মৃতদের শরীরে পিটুনির চিহ্ন রয়েছে।

পরে টুইটারেও একটি পোস্ট দেন মনরিল। সেখানে তিনি বলেন, সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কিছু বলেননি তিনি।

মেক্সিকোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, এ ঘটনা তদন্ত করতে মন্ত্রণালয় থেকে লোক পাঠানো হয়েছে।

২০০৬ সালে মাদক পাচারকারীদের দমনে সেনা মোতায়েন করে মেক্সিকো সরকার। তখন থেকে মেক্সিকোজুড়ে বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। গত বছরের নভেম্বরে ফ্রেসনিলো শহরের একটি সেতু ও গাছে ঝুলন্ত অবস্থায় ছয় ব্যক্তির লাশ উদ্ধার হয়। এরপরই সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে মেক্সিকো সরকার।