ইরাক যুদ্ধের বদলা নিতে বুশকে হত্যার ষড়যন্ত্র
ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন বিচার বিভাগ গতকাল মঙ্গলবার জানিয়েছে, জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র যিনি করেছিলেন, তিনি ইরাকি। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।
৫২ বছর বয়সী ইরাকি ব্যক্তির নাম শিহাব আহমেদ শিহাব। তিনি এফবিআইয়ের তথ্যদাতাকে বলেছেন, হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি মেক্সিকো সীমান্ত দিয়ে অন্তত চার ইরাকিকে যুক্তরাষ্ট্রে আনতে চেয়েছিলেন। ওহাইওর কলম্বাসের ফেডারেল আদালতে দায়ের করা এফবিআইয়ের হলফনামায় এসব তথ্য জানানো হয়।
ষড়যন্ত্রকারী দলের সদস্যদের মধ্যে দুজন সাবেক ইরাকি গোয়েন্দা এজেন্ট হয়ে থাকতে পারেন। অন্যরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা কাতারভিত্তিক কট্টরপন্থী গোষ্ঠী শিহাবের সদস্য হতে পারেন।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার হলফনামায় বলা হয়েছে, শিহাব এফবিআইয়ের তথ্যদাতাকে বলেছেন, তাঁরা জর্জ ডব্লিউ বুশকে হত্যা করতে চান।
২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশ ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন। ষড়যন্ত্রকারীদের ভাবনা হলো, বহু ইরাকিকে হত্যার জন্য জর্জ ডব্লিউ বুশ দায়ী। পুরো ইরাককে ভেঙে ফেলার জন্য তিনি দায়ী।
শিহাব এফবিআইয়ের তথ্যদাতাকে বলেছেন, তিনি আইএসের প্রয়াত প্রধান আবু বকর আল-বাগদাদির চাচাতো ভাই। ইরাকে মার্কিন হামলার পরের বছরগুলোতে তাঁরা অনেক আমেরিকানকে হত্যা করেছেন।
শিহাবকে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। শিহাবের বিরুদ্ধে অভিবাসন অপরাধের পাশাপাশি একজন সাবেক মার্কিন কর্মকর্তাকে (প্রেসিডেন্ট) হত্যাচেষ্টায় প্ররোচনা-সহায়তার অভিযোগ আনা হয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে ‘ভিজিটর’ ভিসায় যুক্তরাষ্ট্রে যান শিহাব। ২০২১ সালের মার্চে তাঁর ভিসার মেয়াদ শেষ হলে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।