
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম বেশির ভাগ সড়কই অবরোধ করে রেখেছেন। ফলে ঢাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়ক বন্ধ থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
রাজধানীর বিমানবন্দর সড়ক, উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক, গ্রিন রোড-পান্থপথ সড়ক, রামপুরা সড়ক, মিরপুর সড়ক, সাতমসজিদ সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
প্রধান প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখায় বেলা ১১টার পর থেকে সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। ধানমন্ডি, কাকলী মোড় ও গ্রিন রোডের কাছে পুলিশ শিক্ষার্থীদের সড়কের এক পাশে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালালেও সফল হয়নি। উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বনানীর চেয়ারম্যানবাড়ি ও কাকলী মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এই সড়কে গাড়ি চলাচল করছে না। আবির ও জাকির নামের দুজন যাত্রী বললেন, তাঁদের বাসটি মহাখালীর আমতলী এলাকায় আসার পর যানজটে পড়ে। প্রায় ২০ মিনিট গাড়িতে বসে থাকার পর তাঁরা দুজনই হেঁটে বনানীর উদ্দেশে রওনা হয়েছেন।
রাজধানীর গ্রিন রোডে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ সড়ক ও ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এই সড়ক উন্মুক্ত করতে পুলিশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি।
মিরপুর ও রামপুরা রোডে গাড়ি চলছে না। সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।