ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে টেনিস ইতিহাসের পাতায় অনেক কিছুই বদলে দিয়েছেন ইগা সিওনতেক। ১৯ বছর বয়সী পোলিশ এই তরুণী পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন কোনো গ্র্যান্ড স্লামের শিরোপা। র্যাঙ্কিংয়ের ৫৪তম স্থানে থাকা কেউ যে এতদূর আসবেন, তা বোধহয় ভাবতে পারেনি কেউই। ভাবার প্রয়োজনও কি কেউ বোধ করেছিলেন! ১৯৭৫ সালে টেনিসের সেরাদের তালিকা চালু হওয়ার পর এত পেছন থেকে কেউই ফাইনাল খেলেননি। সেখানে তিনি ফাইনালে তো খেললেনই, সবাইকে চমকে দিয়ে বসলেন রোলাঁ গারোর সিংহাসনে। লাল মাটির কোর্টের নতুন রানি তিনিই।