
কর মওকুফসহ বিভিন্ন দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তিন দিনের ট্রাক ধর্মঘট শেষ হয়েছে গতকাল বুধবার। গত সোমবার থেকে এই ধর্মঘট শুরু হয়। এতে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে আমদানি পণ্যসামগ্রী নিয়ে আমদানি কার্যক্রম আবার শুরু হয়েছে।
লালমনিরহাট বুড়িমারী শুল্ক ও স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমা বলেন, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এ তিন দিন বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে আমদানি কার্যক্রম বন্ধ থাকায় ৭৫ লাখ টাকার রাজস্ব আয় কমেছে।
এক প্রশ্নের জবাবে সোমেন কান্তি চাকমা বলেন, আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও গত তিন দিন এ স্থলবন্দর দিয়ে ১০৯ ট্রাক পণ্যসামগ্রী রপ্তানি হয়েছে। এর মধ্যে ছিল গার্মেন্টস এক্সেসরিজ ঝুট সামগ্রী, আরএফএলের প্লাস্টিকের সামগ্রী ও প্রাণের বোতলজাত খাদ্যপণ্য সামগ্রী।
বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এটা আমদানিকারকসহ সংশ্লিষ্ট সব মহলের জন্য ইতিবাচক।