সভা শুরুর আগে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা নিয়ে গতকাল বুধবার দুপুরে ডাকা মতবিনিময় সভা শুরু হওয়ার আগে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। উপজেলার গণ্ডামারা ইউনিয়নে প্রকল্পের জন্য নির্ধারিত এলাকায় (খোলা মাঠে) স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করে বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নকারী কর্তৃৃপক্ষ।
অন্তত ১০ ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তির মোহাম্মদ আলী (৩৫)। গতকাল বিকেলে আহত অবস্থায় তাঁকে বাঁশখালী থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলীর মৃত্যু হয় বলে জানান তাঁর চাচাতো ভাই মো. রিদোয়ান। তিনি বলেন, আলী পেশায় সিএনজি অটোরিকশাচালক। তাঁদের বাড়ি গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বরগুনা এলাকায়।
সংঘর্ষের ঘটনায় আহত জামাল হোসেন গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, ইউনিয়নের অন্য লোকদের সঙ্গে তাঁরা দুপুরে বিদ্যুৎ প্রকল্পের মতবিনিময় সভায় যান। হঠাৎ সংঘর্ষ শুরু হলে তাঁকে ও আলীকে বাঁশ দিয়ে পেটানো হয়। এতে দুজনের মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁরা কারও পক্ষের হয়ে সভায় যাননি, স্বেচ্ছায় সেখানে যান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, আলী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতে গণ্ডামারার সকাল বাজারে প্রায় দুই শতাধিক লোক বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ।
এর আগে গতকাল দুপুরে মতবিনিময় সভায় প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এ জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান তাঁরা। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের পক্ষে এ সভা ডাকা হয়।
সভায় বক্তব্য দেন বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা গণ্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির’ সমন্বয়কারী মোহাম্মদ লেয়াকত আলী। তিনি বলেন, সংগ্রাম কমিটির ১২ দফা দাবি প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান না নিতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানান তিনি।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত বছরের ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।
সংঘর্ষের চার মাস পর গত বছরের আগস্টে প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান স্যানডং তাইজুন ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ঢাকায় নৌ-সদর দপ্তরে নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পূর্ত কাজ করে দিচ্ছে। ২০১৯ সালের মধ্যে কেন্দ্রটিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। এর উৎপাদনক্ষমতা হবে প্রায় ১ হাজার ৩০০ মেগাওয়াট।
গতকাল বেলা ১টার দিকে মিছিল নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন লেয়াকত আলী। তখনো সভা শুরু না হওয়ায় তিনি মাঠে তাঁর লোকজনের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে মাঠের এক পাশে প্রকল্প কার্যালয়ের একটি কক্ষে ঢোকেন। সেখানে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা ছিলেন। এ সময় সভা এলাকায় অবস্থান করছিলেন আওয়ামী লীগের (ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন) স্থানীয় নেতা নুরুল মোস্তফা ও তাঁর অনুসারীরা। এ সময় হঠাৎ লেয়াকত ও নুরুল মোস্তফার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কয়েকজনের হাতে বাঁশ ছিল। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে মাটির ঢিল ছুড়তে থাকে। এ সময় কয়েকজনের মাথা ফেটে যায়।
পরে লেয়াকত বের হয়ে তাঁর সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। নুরুল মোস্তফাকে তখন প্রকল্পের একটি কক্ষে নিয়ে যায় পুলিশ। প্রায় ১০ মিনিট পর পুলিশ ও আনসার সদস্যরা বাঁশি বাজিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনার জন্য লেয়াকত ও নুরুল মোস্তফা এক অপরকে দায়ী করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শুরু হয় মতবিনিময় সভার কার্যক্রম। প্রায় ১ হাজার ব্যক্তি সভায় অংশ নেন। প্রথমে বক্তব্য দেন প্রকল্পের আইন উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আপনাদের দাবি-দাওয়া কর্তৃপক্ষকে অবহিত করেছি। আপনারা জমি, ভিটা ও চিংড়িঘের প্রকল্পের জন্য সরকারকে দিয়েছেন। আপনাদের আরও সহযোগিতার প্রয়োজন।’
সভায় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, প্রকল্পটি কক্সবাজারের পেকুয়ায় হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এটি বাঁশখালীতে হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকায় স্কুল-কলেজ প্রতিষ্ঠা করাসহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করা হবে না। স্থানীয় মানুষের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে এই প্রকল্পের কাজ শেষ করতে সবার সহযোগিতা চান তিনি।
সভায় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে নৌবাহিনীর গোয়েন্দা ইউনিটের পরিচালক কমোডর এম সোহায়েল বলেন, ‘আপনাদের দাবি-দাওয়াগুলো শুনেছি। দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। সুশৃঙ্খল থাকবেন। গন্ডগোল করবেন না। প্রকল্পটি বাস্তবায়ন হলে উন্নয়ন হবে। কারও কথায় বিভ্রান্ত হবেন না। অনেকে অনেক কথা বলবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা জমি দিয়েছেন তাঁরা অগ্রাধিকার পাবেন। কোনো ভয় নেই। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।’
লেয়াকতকে দেখেনি পুলিশ
বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা, পুলিশের ওপর হামলাসহ তিন মামলার আসামি লেয়াকত আলী। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত গণ্ডামারার বিদ্যুৎ প্রকল্প এলাকায় তিনি অবস্থান করলেও তাঁকে ধরেনি পুলিশ। জামিনে আছেন কি না, জানতে চাইলে লেয়াকত বলেন, তিনি জামিন নেননি।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, এত লোকের ভিড়ে লেয়াকতকে তিনি দেখেননি।
রাতে মোস্তফা প্রথম আলোর কাছে দাবি করেন, লেয়াকতের লোকজনের হামলায় আলীর মৃত্যু হয়েছে। আলী তাঁর সঙ্গে মতবিনিময় সভায় যান বলেও তিনি দাবি করেন।