চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষে নিহত ব্যক্তির স্ত্রীর করা লিখিত অভিযোগ মামলা হিসেবে নেয়নি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে থানায় জমা দেওয়া ওই অভিযোগে সংঘর্ষে প্রাণহানির জন্য মোহাম্মদ লেয়াকত আলীসহ (গন্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির’ সমন্বয়কারী) ২৯ জনকে অভিযুক্ত করা হয়। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে পুলিশ।
এদিকে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে না নেওয়ায় কাল রোববার আদালতে মামলা করার কথা জানিয়েছে নিহত মোহাম্মদ আলীর পরিবার।
গত বুধবার দুপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা নিয়ে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের প্রকল্প এলাকায় সভা হয়। এতে বক্তব্য দেন বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা লেয়াকত আলী। তিনি প্রকল্পের বিরুদ্ধে অবস্থান না নিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তাঁদের দাবি প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলেও সভায় জানান। এই সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগে লেয়াকতের অনুসারী এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা নুরুল মোস্তফার (ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন) অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কয়েকজনের হাতে বাঁশ ছিল। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে মাটির ঢিল ছুড়তে থাকে। এ সময় কয়েকজনের মাথা ফেটে যায়। ওই দিন রাতে আহত মোহাম্মদ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহতের স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে স্বামী হত্যার অভিযোগে লেয়াকত আলীসহ ২৯ জনকে আসামি করে বৃহস্পতিবার রাত আটটার দিকে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ করেন। বাদীর ছোট ভাই মো. সোহেল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ শুক্রবার সকালে মামলাটি নথিভুক্ত (রেকর্ড) করে তাঁদের অনুলিপি দেবে বলে জানায়। কিন্তু তাঁদের মামলা নেয়নি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন তাঁরা। এরপর কোনো সাড়া না পেলে রোববার আদালতে মামলা করবেন।
নিহত মোহাম্মদ আলীর চাচাতো ভাই মো. রিদুয়ানও বলেন, দিনদুপুরে বাঁশ দিয়ে একজনকে হত্যা করা হলেও পুলিশ পরিবারের মামলা নেয়নি। পুলিশ বাদী হয়ে মামলা করায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকবে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহতের পরিবার থেকে এজাহার দিতে দেরি হওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে। সংঘর্ষের ঘটনায় লেয়াকতসহ অন্য কারও জড়িত থাকার (পরিবারের দাবি অনুযায়ী) প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত বছরের ৪ এপ্রিল গন্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।
বিক্ষোভ চীনের বিরুদ্ধে নয়
চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার বলেছে, বাংলাদেশে (বাঁশখালীর গন্ডামারায়) কয়লাবিদ্যুৎ প্রকল্প নিয়ে যে বিক্ষোভ (গত বুধবার) হয়েছে, তা ওই প্রকল্পে চীনের অংশীদারত্ব থাকার কারণে নয়। এটি স্থানীয় জনগণের ‘নানামুখী মতামতের’ কারণে হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রকল্পটিতে বাংলাদেশের বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে। খবর রয়টার্সের।