শিক্ষককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারকে (৩০) আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত তাঁকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পর্ষিয়া হালদার বলেন, বিধান চন্দ্র সরকারের বাড়ি সাতক্ষীরায়। ভয়ে ওই শিক্ষক বিষয়টি নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ কারণে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর বিধান চন্দ্র সরকার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে স্থানীয় নয়ন গাজীর নেতৃত্বে চার-পাঁচজন লোক এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ এনে শিক্ষক বিধানকে বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে মারধর করেন। এরপর তাঁকে গ্রামের একটি মন্দিরে নিয়ে আটকে রাখেন। রাতে তাঁকে কয়েক দফায় মারধর করা হয়। পরদিন শনিবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন শিক্ষক বিধানকে উদ্ধার করেন। এরপর বিধান বরিশালের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিধান চন্দ্র সরকার বলেন, ‘আমাকে হঠাৎ কয়েকজন লোক বিদ্যালয়ের পাশের একটি দোকানে ডেকে নিয়ে যান। এরপর এক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ এনে মারধর করে আটকে রাখেন। পরদিন দুপুরে ছাড়া পাই।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘শনিবার লোকমুখে মারধরের ঘটনাটি শুনে শিক্ষক বিধানকে উদ্ধার করি।’
নয়ন গাজী অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘ওই শিক্ষক এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করায় এলাকার লোকজন তাঁকে চড়-থাপ্পড় মেরেছে। আমি লোকজনের হাত থেকে তাঁকে উদ্ধার করি। আটকে রাখার অভিযোগ সঠিক নয়।’
তবে নয়ন গাজীর অভিযোগের বিষয়ে ওই ছাত্রীর কাছে জানতে চাইলে সে শিক্ষক বিধানের বিরুদ্ধে অশোভন আচরণের কোনো অভিযোগ করেনি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, ‘এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমি লোকমুখে ঘটনাটি শুনে নয়ন গাজীকে আটকের অভিযান চালাচ্ছি। একজন শিক্ষককে মারধর করার বিষয়টি মেনে নেওয়া যায় না।’