আদালত বদল চেয়ে খালেদার আবেদনের ওপর আদেশ ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে বদলির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর ৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

ওই আবেদনের ওপর শুনানি শেষে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই মামলার একটি অংশের অভিযোগ পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়া বিচারিক আদালতে আবেদন করেন। এ আবেদনের শুনানি ও নিষ্পত্তির আগে ২ ফেব্রুয়ারি বিচারিক পর্বে ৩৪২ ধারার বিধান অনুসারে কার্যক্রম শুরু হলে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন খালেদা জিয়া। ওই দিন তা খারিজ হয়।

এরপর বিশেষ জজ আদালত-৩ থেকে মামলাটি অন্য আদালতে বদলির জন্য ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এতে মামলাটি কেন ওই আদালত থেকে অন্য আদালতে বদলির নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় মামলার কার্যক্রম স্থগিতের প্রার্থনাও রয়েছে। আবেদনটি গত বুধবার এই বেঞ্চে উপস্থাপন করা হলে গতকাল তা শুনানির জন্য তালিকায় আসে।

ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে রয়েছে। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলছে। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।