কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর দাবি আবার
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরালো অবস্থানের পরও কলকাতার বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য সরানোর দাবি আবার তোলা হয়েছে। গত শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফের এ দাবি তোলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জামান সংবাদ সম্মলনে বলেন, ১৫ দিনের মধ্যে ভাস্কর্য সরানো না হলে কলকাতার আলেমদের নিয়ে মামলা করা হবে। আর ২০ দিনের মাথায় রাজ্যের ইমাম ও মাওলানাদের নিয়ে কলকাতায় কনভেনশন করে অনাস্থা প্রপ্তাব আনা হবে।
এর আগে ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে কামরুজ্জামান বলেছিলেন, ‘বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে অন্য কোনো সরকারি স্থানে বসানো হোক। কারণ, ইসলাম ধর্মে ভাস্কর্য স্থাপনের স্বীকৃতি নেই। তাই মুসিলম ছাত্রদের হোস্টেলের ভেতরে কোনো ইসলামবিরোধী কাঠামো গড়া অন্যায়।’
তবে তাদের এ দাবি নাকচ করে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা। তাঁর ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। কেউ প্রতিবাদ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বেকার হোস্টেল একটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪৫-৪৬ সালে। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। সেখানেই স্থাপন করা হয় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য।