রাঙামাটির লংগদুতে ১৪৪ ধারা, ২০০ বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের অন্তত ২০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনার জন্য বাঙালিদের দায়ী করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় গতকাল বেলা ১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদরের চারমাইল এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন সকালে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে তিনি লংগদু থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন। বাঙালিদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে পাহাড়ি কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত।

নুরুল ইসলাম পেশায় ভাড়ায় যাত্রী পরিবহন করা মোটর সাইকেলের চালক ছিলেন। তাঁর বাড়ি লংগদু উপজেলা সদরের বাত্যাপাড়া গ্রামে। গতকাল সকাল আটটায় খাগড়াছড়ি থেকে তাঁর লাশ নিজ গ্রামে নিয়ে আসা হয়।

পাহাড়িদের অভিযোগ, বাত্যাপাড়া গ্রামে নুরুল ইসলামের লাশ আনার পর স্থানীয় বাঙালিরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি গ্রামের পাহাড়ি বাসিন্দাদের এলাকার দিকে যেতে থাকে। মিছিলটি গ্রামের সীমানা অতিক্রম করে পাশের তিনটিলা গ্রামে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলকারীরা তিনটিলা গ্রামে পাহাড়িদের বাড়ি ভাঙচুর ও লুটপাট শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ভয়ে অনেক পাহাড়ি পরিবার গ্রাম ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয়। এরপর পাশের মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া গ্রামের অসংখ্য বাড়িতে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। চারটি গ্রাম সদর ইউনিয়নের এক কিলোমিটার এলাকার মধ্যে।

লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিন মিত্র চাকমা বলেন, প্রথমে তিনটিলা-সদর সড়কের পাশের দুটি দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়। পরে চারটি গ্রামে পাহাড়িদের কাঁচা ও আধা পাকা বাড়িঘরে আগুন দেন বাঙালিরা। আগুনে বড়াদম গ্রামের একজন বৃদ্ধ আহত হয়েছেন।

লংগদু উপজেলা শাখার জনসংহতি সমিতির সভাপতি মনি শংকর চাকমা বলেন, পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি উপজেলা সদরে জনসংহতি সমিতির কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে।

পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল আলিম চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (লংগদুর অতিরিক্ত দায়িত্বে থাকা) মো. তাজুল ইসলাম, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সারওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাত্যাপাড়া গ্রামের মো. সবুজ (২৮), মো. শরিফ (৩২) ও তিনটিলা গ্রামের মো. আবুল খায়েরকে আটক করা হয়েছে বলে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান।

লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত শুধু তিনটিলা গ্রামে ক্ষতিগ্রস্ত ৮৬টি পরিবারের তালিকা করা হয়েছে। সেখানেও আরও কিছু পরিবারের বাড়িতে আগুন দেওয়া হতে পারে। মানিকজোড়ছড়া, বাত্যাপাড়া ও বড়াদম গ্রামের আগুনে পুড়িয়ে দেওয়া বাড়ির তালিকা করা হয়নি। সেখানেও অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল বেলা সাড়ে তিনটায় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, থানার ওসি মুমিনুল ইসলাম, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার পর দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে বাঙালিরা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, লংগদু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, সম-অধিকারের নেতা মো. আফসার আলী প্রমুখ।

যুবলীগের নেতা শফিউল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের মতো করে সমাবেশ করেছি। কিন্তু তিনটিলা, বড়াদম ও বাত্যাপাড়া এলাকায় কে বা কারা পাহাড়িদের বাড়িতে আগুন দিয়েছে, সেটা আমাদের জানা নেই। আগুন লাগার ঘটনায় আমরা জড়িত না।’

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাহাড়ি-বাঙালি সমস্যা হওয়ার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেশ কিছু পাহাড়ির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বিভিন্ন সংগঠনের উদ্বেগ-নিন্দা

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ (আসক) কেন্দ্র এক বিবৃতিতে রাঙামাটিতে পাহাড়িদের ঘরবাড়ি এবং দোকানপাটে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। আসক মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনকে জানানোর পরও এ ধরনের হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার এবং পাহাড়িদের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

এ ছাড়া সম্মিলিত সামাজিক আন্দোলন এক বিবৃতিতে এ ঘটনার বিচার দাবি করেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ ঘটনার নিন্দা করে বলেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এই হামলা করা হয়েছে। আরও নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।