চালক হত্যায় জড়িত সন্দেহে দুই ছাত্র গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসচালক হত্যার দুই মাসের বেশি সময় পর হত্যায় জড়িত সন্দেহে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার পটিয়া থানা-পুলিশ দুই ছাত্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের দাবি, তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন। গাড়িটি ছিনতাই করার জন্য তাঁরা চালক আবদুল হাকিমকে (৫৫) গলা কেটে হত্যা করেছেন বলে জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের মাইনুর রশিদ তামিম (২০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার আতিয়া পাড়া গ্রামের সাব্বির হোসেন (২০)।
গ্রেপ্তার দুজনের উপস্থিতিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ সাংবাদিকদের বলেন, গত বছরের ২৯ নভেম্বর ছিনতাইয়ের উদ্দেশে গ্রেপ্তার দুজনসহ মোট সাতজন গাড়িটি ভাড়া করেন এবং চালককে হত্যা করেন। তবে সাতজনের মধ্যে মাইনুর ও সাব্বিরের পাশাপাশি মহসিন, শরীফ ও শাহীন নামে আরও তিনজনের নাম উল্লেখ করেন তিনি। বাকি দুজনের নাম জানাননি।
এ সময় মাইনুর রশিদ তামিম নগরীর বহদ্দারহাট উদ্দীপন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ইলেকট্রনিকস বিষয়ে এবং সাব্বির হোসেন বাকলিয়া দেলোয়ার জাহান মেমোরিয়াল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে প্রথম আলোকে জানান।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, মাইনুর রশিদ তামিমকে গতকাল রোববার ভোরে চট্টগ্রাম বহদ্দারহাট এলাকা থেকে এবং সাব্বির হোসেনকে রাত ১২টায় দিকে পাবনায় তাঁর খালার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
ওসি শেখ নেয়ামত উল্লাহ সাংবাদিকদের বলেন, চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী মহসিন ও শরীফ। চালকদের সঙ্গে বনিবনা না হওয়ায় কয়েক দফা তাঁরা গাড়ি বদলান। শেষে চট্টগ্রাম জেলখানা রোড এলাকা থেকে চালক আবদুল হাকিমের গাড়িটি ১১ হাজার টাকায় ভাড়া করেন। গাড়িটি নিয়ে তাঁরা কক্সবাজার পৌঁছান। কক্সবাজার গিয়ে সুগন্ধা পয়েন্টে রাত সাড়ে নয়টার দিকে গাড়িটি পার্ক করে সৈকতে তাঁরা কিছুক্ষণ ঘোরাফেরা করেন। ওখানে তাঁরা সাতজনে পরিকল্পনা করেন চালককে কোথায় কীভাবে হত্যা করবেন। আর শরীফ গাড়িটি বিক্রি করার ব্যবস্থা করবেন বলে সিদ্ধান্ত হয়।
পরিকল্পনা অনুসারে, তাঁরা রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রওনা হন। পরে পটিয়ার আরও আগে এক নির্জন স্থানে মাইনুর রশিদ তামিম পেছন দিক থেকে চালক আবদুল হাকিমকে চাকু ধরে গাড়ি থামাতে বলেন। গাড়ি থামানোর পর সাব্বির হোসেন ও মাইনুর রশিদ চালককে তাঁর আসন থেকে টেনে ভেতরে নিয়ে যান। এ সময় শাহীন গাড়ি চালানোর দায়িত্ব নেন। এরপর আসনের নিচে শুইয়ে মাইনুর রশিদ ও মহসিন চালককে গলা কেটে হত্যা করেন। এ সময় অন্য চারজন চালকের হাত-পা চেপে ধরে রাখেন। গাড়িতে রক্তাক্ত লাশ নিয়ে চট্টগ্রামের দিকে আসার পথে পটিয়া পোস্ট অফিস মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। পরে লাশটি আসনের ওপর তুলে তাঁরা প্রায় ৪০ মিনিট পর্যন্ত গাড়িটি ধাক্কা দিয়ে চালানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি চালু না হওয়ায় তাঁরা সাতজন গাড়ি ফেলে স্থানীয় এক বাসে করে নতুন ব্রিজ (শাহ আমানত সেতুর উত্তর পারে) এসে নেমে যান। চালকের মুঠোফোনটি মহসিন নিয়ে যান।
ঘটনার পরদিন ৩০ নভেম্বর সকালে চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়ির ভেতর থেকে রক্তমাখা তিনটি চাকু উদ্ধার করা হয়। চালক হাকিমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। এ ঘটনায় নিহত চালকের ছেলে মোহাম্মদ পারভেজ ওই দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।