বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া মন্ত্রিপরিষদে উত্থাপন হচ্ছে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেছেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪’-এর খসড়াটি চূড়ান্ত করে শিগগিরই তা মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করা হবে। আইনটি এমনভাবে করা হবে, যেন ১০০ বছরের মধ্যে তা আর সংশোধন করতে না হয়।
আজ সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খসড়া আইন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) আর্থিক সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস (ইইসিআর) প্রকল্প এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমী, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া নিয়ে বিভিন্ন মতামত দেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইইসিআর প্রকল্পের প্রকল্প পরিচালক আশরাফুন্নেসা সভায় সভাপতিত্ব করেন।
খসড়াটির বিভিন্ন অধ্যায় নিয়ে বিস্তারিত মতামত দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইমান আলী। তিনি বলেন, এ ধরনের আইন করার আগে দেশের সামাজিক বাস্তবতার কথা মাথায় রাখতে হবে। বাল্যবিবাহ হয়ে গেলে সেই শিশু বা কিশোরীর কাছে জানতে চাইতে হবে সে কী চায়। তার মতামতকে প্রাধান্য দিতে হবে। বাল্যবিবাহ উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বিয়েটা অনুষ্ঠিত হয়নি সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির পরিমাণ কমানো যেতে পারে।
মতবিনিময় সভার পুরোটা সময় আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচকদের মধ্যে বিতর্ক চলতে থাকে। বাল্যবিবাহ আইনটি মানুষ খুন করা বা কাউকে জখম করার মতো অপরাধ না। অন্যদিকে বাল্যবিবাহের ফলে শিকার শিশুর পুরো জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এ অপরাধটি গুরুত্বপূর্ণ। তাই বিয়ের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। অন্যদিকে অভিভাবকেরা মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে বা আর্থিক অসংগতির জন্য মেয়েকে বিয়ে দিচ্ছেন। কিন্তু বিয়েটি অবৈধ করে দিলে তখন জটিলতা বেশি হবে। বিয়ের ফলে জন্ম নেওয়া শিশুর জন্ম বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠবে। আবার একবার বিয়ে হয়ে গেলে সেই মেয়েকে পরবর্তী সময়ে বিয়ে দেওয়াও কঠিন ব্যাপার। এ ধরনের বিভিন্ন বিতর্ক, আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী আইনে শাস্তির কঠোর বিধান থাকার পক্ষে মত দেন। তাঁর মতে, ১৯২৯ সালে বাল্যবিবাহ প্রতিরোধের আইনটি বর্তমানে প্রচলিত। কিন্তু সেই আইনে শাস্তির পরিমাণ কম থাকায় তার বাস্তবায়ন নেই বললেই চলে। বিয়ের সময় জন্মনিবন্ধন সনদ দেখানোর পাশাপাশি জাতীয় পরিচয় দেখানোর সুপারিশ করেন সালমা আলী। কেননা, জন্মনিবন্ধন সনদে অনেকেই বয়স বাড়িয়ে দেয়।
সভায় ইউনিসেফের উপপ্রতিনিধি লুইস মভনো, শিশু সুরক্ষা বিভাগের প্রধান রোস অ্যান প্যাপাভেরো প্রমুখ মতামত দেন।