বাবুলকে বাঁচাতে তদন্তে গড়িমসি: অভিযোগ মিতুর বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবুল আক্তার, মাহমুদা খানম
বাবুল আক্তার, মাহমুদা খানম

স্ত্রী হত্যার দায় থেকে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে বাঁচাতে তদন্তে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ বাবুলের প্রয়াত স্ত্রী মাহমুদা খানমের বাবা মোশাররফ হোসেনের। অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ সব পারে। সব জেনেও বাবুলকে পার পাইয়ে দিতে তদন্তে গড়িমসি করছে।

বাবুল তো এখন পুলিশের চাকরিতে নেই, তাহলে কেন তাঁকে মামলা থেকে বাঁচানোর চেষ্টা হবে-এই প্রশ্নে মাহমুদার বাবা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই আসামিরা আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে মাহমুদাকে হত্যা করা হয়। এই মুছা বাবুলের সোর্স (তথ্যদাতা)। কিন্তু পুলিশ মুছাকে ধরছে না। এই মামলায় বাবুলকে যাতে আসামি করতে না হয়, সে জন্যই মুছাকে ধরছে না পুলিশ।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানমকে (মিতু) ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ মামলার তদন্ত ২১ মাসেও শেষ করতে পারেনি গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তদন্তের বিষয়ে মাহমুদার বাবা বলেন, দোষী না হলে বাবুলকে চাকরি ছাড়তে বাধ্য করা হলো কেন? আর নির্দোষ হলে কেন তাঁকে পুনর্বহাল করা হয়নি। স্ত্রী হত্যার শাস্তি চাকরি যাওয়া হতে পারে না। বাবুলের শাস্তি হতে হবে। তিনি বলেন, মেয়ে খুন হওয়ার পর প্রথমে বুঝতে পারেননি বাবুল এ ঘটনায় জড়িত। মুছার নাম আসার পর বিষয়টি বুঝতে পারেন তাঁরা। শুনেছি তাঁকে (মুছা) মেরে ফেলা হয়েছে।

মাহমুদার বাবার করা মন্তব্যের বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে কয়েক দফা বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। এতেও সাড়া দেননি তিনি।

মামলাটি শুরু থেকে তদন্ত করছেন চট্টগ্রাম নগর ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, নিখোঁজ মুছা ও কালুকে পাওয়া গেলে হয়তো মাহমুদাকে কেন হত্যা করা হলো, তা স্পষ্ট হবে। মামলার অভিযোগপত্র কবে দেওয়া হতে পারে, এই প্রশ্নে তিনি বলেন, এখনো কিছু বলার সময় হয়নি।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মুছাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। অভিযোগপত্র প্রস্তুতও রয়েছে। শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই তা আদালতে জমা দেওয়া হবে।

মাহমুদা খুন হওয়ার তিন সপ্তাহ পর ২০১৬ সালের ২৪ জুন মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে বাবুলকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।

মাহমুদা হত্যার তিন সপ্তাহ পর মো. ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা স্বীকার করেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ডে তাঁরা সাত-আটজন অংশ নেন। এরপর ২০১৬ সালের অক্টোবর মাসে মুছার সন্ধান চেয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম নগর পুলিশ।

অবশ্য মুছার স্ত্রী পান্না আক্তারের দাবি, মাহমুদা হত্যার ১৭ দিন পরই এক আত্মীয়ের বাসা থেকে সাদাপোশাকধারী পুলিশ মুছাকে তুলে নিয়ে যায়। তবে শুরু থেকেই এ দাবি অস্বীকার করে আসছে পুলিশ।

গত সপ্তাহে চট্টগ্রাম নগর পুলিশের চার কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে চায়, সেভাবেই মামলার তদন্ত শেষ হবে। কেন, কার নির্দেশে মাহমুদাকে খুন করা হয়েছে, সেটি রহস্যই থেকে যাবে।