তারুণ্যের জয়োৎসব শুরু

তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সঞ্জয় মজুমদার ২০১৪ সাল থেকে প্রতি মাসে কোনো না কোনো নিয়োগ পরীক্ষার জন্য রাত জেগে ঢাকায় আসেন। তাঁর মতো অনেকেই দেশের নানা প্রান্ত থেকে নিয়োগ পরীক্ষা দিতে নিয়মিত ঢাকায় পাড়ি জমান। তাঁদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির বাইরে কোনো বাড়তি দক্ষতা নেই। নিয়োগও পান না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে দেশের প্রায় পৌনে পাঁচ কোটি এমন কর্মক্ষম লোক কর্মহীন। দেশের সৃজনশীল ও উদ্যমী তরুণদের দিকনির্দেশনা দিতে শুরু হলো ‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসব’। পথ ঘোরাও নিজের পথে—এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে এর উদ্বোধন হয়।

তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল আলোচনা। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল আলোচনা। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, ‘আমরা সব সময় অন্যের অধীনে চাকরি খুঁজি। এটা কেন জীবনের লক্ষ্য হবে? এ সময় দরকার উদ্যোক্তা।’ তিনি এ সময়কার তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর ওপর জোর দেন এবং পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার কথাও বলেন।

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ব্র্যান্ড ও করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ৩৬তম বিসিএস পরীক্ষায় প্রশাসনে প্রথম ইসমাইল হোসেন, নৃত্যদল তুরঙ্গমীর পরিচালক পূজা সেনগুপ্ত, জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ ও এমআইটি স্নাতক তামান্না ইসলাম। তাঁরা নিজেদের পথচলার অভিজ্ঞতা শোনান। অনুষ্ঠানের একপর্যায়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্যানেল আলোচকদের কাছে নানান প্রশ্ন করেন।

একটি কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: প্রথম আলো
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির বলেন, ‘আমাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। এত তরুণের সমাহার বিশ্বের খুব কম দেশেই আছে। অনেক তরুণ জানে না কীভাবে কী করতে হয়। তাদের জন্যই এই আয়োজন।’

আলমগীর কবির আরও বলেন, ‘তরুণদের নিজের পরিচয় নিজেদেরই করতে হবে।’

অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘অনেক দিক থেকে বাংলাদেশ এখন আলোকিত এবং প্রশংসিত। আমরা বড় সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছি বা পৌঁছে গেছি।’

তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: প্রথম আলো
তারুণ্যের জয়োৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির। ব্যবসায় অনুষদ মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ এপ্রিল। ছবি: প্রথম আলো

মতিউর রহমান আরও বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশেরে জয় দেখতে চাই। তরুণেরা আমাদের জয়ের লক্ষ্য নিয়ে যাবে।’

আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের মডারেটর রাশেদুর রহমান বলেন, ‘তরুণ এবং জয় দুটোই খুব শক্ত কথা। আমাদের আইডিয়া ছোট ছোট হোক কিন্তু চিন্তা বড় হতে হবে।’

তরুণদের কাছে রাশেদুর রহমানর পরামর্শ, ‘আমরা তাড়াতাড়ি ফল পেতে চাই। এর দরকার নেই।’

প্রথম আলোর যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান বলেন, বাংলাদেশের তরুণেরা কোথাও গিয়ে হারে না, যদি তারা ঠিক পথে থাকে। তিনি জানান, দেশের সাত বিভাগীয় শহরে তারুণ্যের জয়োৎসব হবে। তিন বছর ধরে এ কার্যক্রম চলবে। পরে জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে।